দর্শনায় ট্রাক্টরচাপায় ভারতীয় নাগরিক নিহত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ | ০২:০৮ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ | ০৩:২৪
চুয়াডাঙ্গার দর্শনায় ট্রাক্টরচাপায় ভারতীয় নাগরিক তপন বিশ্বাসের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
তপন (৪২) ভারতের উত্তর ২৪ পরগনা জেলার ঘোলা যুগবাড়িয়া গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, শুক্রবার বিকেলে তপন ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ব্যবসায়িক কাজে। তিনি দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় একটি অবাসিক হোটেলে উঠেন। রাতে চা পানের জন্য বাসস্ট্যান্ড এলাকায় যান।
চা পান শেষে হোটেলে ফেরার সময় আখবোঝাই একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা আছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় দামুড়হুদা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
- বিষয় :
- চুয়াডাঙ্গা
- নিহত
- ভারতীয় নাগরিক
