ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ফরিদপুরে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ফরিদপুরে
×

আগুন জ্বেলে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে

ফরিদপুর অফিস

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ | ০৩:০৮ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ | ০৩:২৯

গত তিনদিনে ফরিদপুরে শীতের তীব্রতা বেড়েই চলেছে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফরিদপুরে। এদিন জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। 

শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বিপদে পড়েছেন কর্মজীবী মানুষ।

ভোরে ঘন কুয়াশার কারণে মানুষ ঘর থেকে বের হয়েছে কম। দুপুর নাগাদ ফরিদপুর শহরে লোকজনের উপস্থিতি ছিল সামান্যই। দেখা মেলেনি সূর্যেরও।

এদিকে শীতের তীব্রতায় কর্মহীন হয়ে পড়ছেন শ্রমজীবী মানুষ। জেলার শ্রম বিক্রয় হাটে গিয়ে দেখা গেছে, অলস বসে আছেন শ্রমিকরা। তাদের মধ্যে কয়েকজন জানালেন, শীতের কারণে কয়েকদিন ধরে কাজ নেই। একরকম বসেই দিন পার করছেন তারা।

ফরিদপুরের আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সুরুজুল আমিন জানান, গত কয়েকদিনে ফরিদপুর অঞ্চলের তাপমাত্রা বেশ কম। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। 

ফরিদপুর জেলা ত্রাণ কর্মকর্তা সহিদুল ইসলাম জানান, জেলার ৮১টি ইউনিয়ন ও ৬টি পৌরসভায় ৪৬০টি করে সরকারি অনুদান শীত বস্ত্র কম্বল এসেছে। আমরা সেগুলো নয়টি উপজেলাতে বিতরণ শুরু করেছি। এছাড়া জরুরি বরাদ্দ হিসেবে আরও ৯ হাজার ১ শ কম্বল পেয়েছি।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, জেলার চরাঞ্চলগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে আগে শীত বস্ত্র বিতরণ করছি। আমাদের পর্যাপ্ত শীত বস্ত্র রয়েছে, শীতের কারণে কেউ কষ্টে থাকবে না।          

আরও পড়ুন

×