গণতান্ত্রিকের দখলে ইউপিডিএফের কার্যালয়
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১ | ০৯:১৪ | আপডেট: ১৩ অক্টোবর ২০২১ | ০৯:১৪
পার্বত্য অঞ্চলের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) বান্দরবান জেলা কমিটির কার্যালয় দখলে নিয়েছে আরেকটি আঞ্চলিক দল ইউপিডিএফ গণতান্ত্রিক। বুধবার সকালে এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের বালাঘাটা বাজারে অবস্থিত ইউপিডিএফের কার্যালয়ের সামনে ৩০-৩৫ জনের একটি দল উপস্থিত হয়। এর পর তারা বন্ধ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। ভেতর থেকে অফিসের বিভিন্ন ডকুমেন্ট, বই, ব্যানার, ছবি বের করে পুড়িয়ে ফেলে। কার্যালয়ের সামনে থাকা সাইনবোর্ড খুলে ফেলে সেটিও পুড়িয়ে ফেলে। এর পর ওই জায়গায় 'ইউপিডিএফ গণতান্ত্রিকের জেলা কার্যালয়' লেখা সাইনবোর্ড টানিয়ে দেয়। এ সময় উভয় সংগঠনের মধ্যে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি বলে স্থানীয়রা জানিয়েছে।
ইউপিডিএফ জেলা কমিটির আহ্বায়ক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যার সঙ্গে তার মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়।
ইউপিডিএফ গণতান্ত্রিকের জেলা কমিটির সভাপতি মংপু মারমা জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। ঘটনার সময় তিনি ওই জায়গায় ছিলেন না।
বুধবারের ঘটনায় স্থানীয় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, উভয় দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটতে পারে। এতে স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হবেন।
এ ব্যাপারে সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি।
- বিষয় :
- পার্বত্য অঞ্চল
- ইউপিডিএফ
- বান্দরবান
