ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না মুক্তিযোদ্ধা রাজ্জাক

অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না মুক্তিযোদ্ধা রাজ্জাক
×

হুইল চেয়ারে মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ০১:৩৪ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০ | ০১:৪৯

কুমিল্লার মুরাদনগরের এক সময়ের রাজপথ কাঁপানো আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক ওরফে রেজু মিয়া টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না।

উপজেলার দারোরা ইউনিয়নের দারোরা গ্রামের ৭০ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা হাঁটুর তীব্র ব্যথায় কাতরাচ্ছেন। বর্তমানে তিনি বাড়িতে শয্যাশায়ী।

রেজু মিয়ার বাল্যবন্ধু দারোরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল হক বলেন, ১৯৭১ সালে শিলিগুড়িতে ট্রেনিং নেওয়ার সময় আবদুর রাজ্জাক হাঁটুতে প্রচণ্ড চোট পান। মাঝেমধ্যে হাঁটুর ব্যথায় ভুগতেন তিনি। ঠিকমতো চিকিৎসা করানো হয়নি সে সময়। এখন ব্যথার কারণে তিনি নড়াচড়া করতে পারেন না। বিছানায় শুয়ে শুয়ে চিৎকার করেন।

তিনি আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস সার্জারি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌসি দ্রুত অস্ত্রোপচারের জন্য রেজুকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন। অস্ত্রোপচার করা না হলে তিনি পঙ্গু হয়ে যেতে পারেন। কিন্তু টাকার অভাবে কোনোরকমে তাদের সংসার চলছে। তার চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে সম্ভব নয়।

'আমরা মুক্তিযোদ্ধার সন্তান' কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ন কবির জানান, তিনি ব্যক্তিগতভাবে ও কমান্ডের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাককে সহযোগিতা করার চেষ্টা করবেন।

রাজ্জাক ওরফে রেজু তার চিকিৎসকার ব্যয়ভার বহনের জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন। 

আরও পড়ুন

×