গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ১১ জন নিহত
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় মৃতদেহ বহন করছেন শোকার্তরা। ছবি-সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ২২:৫১
আট মাস আগে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে গাজায় অন্তত এক হাজার ১২ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এর মধ্যে গত শনিবার রাতে গাজা সিটিতে নতুন করে চালানো ইসরায়েলি হামলায় ১১ জনের মৃত্যুর খবর দিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
রোববার এএফপির খবর জানায়, গাজা সিটির সাবরা এলাকায় একটি আবাসিক ভবনে চালানো ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন, যার মধ্যে দুজন শিশু। এক ভিডিওতে দেখা যায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে অ্যাপার্টমেন্টের একটি দেয়াল উড়ে গেছে। ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ধ্বংসস্তূপ, কাপড়-চোপড়, তোশক এবং অন্যান্য গৃহস্থালি জিনিসপত্র।
নিহতদের স্বজনরা জানিয়েছেন, রাতে যখন সবাই ঘুমাচ্ছিল, তখনই ক্ষেপণাস্ত্র হামলা হয়। নিহতরা সবাই সাধারণ নাগরিক ছিলেন, হামাসের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না।
এ ছাড়া মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরে আরেক হামলায় আলজাজিরার সাংবাদিক আহমেদ উইশাহসহ তিনজন নিহত হন। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, নিহত ব্যক্তি সাংবাদিক নন, তিনি সন্ত্রাসী ছিলেন। ইসরায়েলি বাহিনীর এ দাবিকে মিথ্যাচার বলে এর তীব্র নিন্দা জানিয়েছে আলজাজিরা নেটওয়ার্ক।
