মসজিদের ভেতরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ২২:৩৬
বরিশালের মেহেন্দিগঞ্জে জোহরের নামাজ আদায়ের সময় মসজিদের ভেতরে ঢুকে মেজ ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাই হারুন সরদারের বিরুদ্ধে। রোববার উপজেলার আন্ধারমানিক ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত নজরুল সরদার (৪০) স্থানীয় মৃত কাঞ্চন সরদারের ছেলে। ঘটনার পর অভিযুক্ত হারুন পালিয়েছেন।
স্থানীয় বাসিন্দা সোলায়মান জানান, পৈতৃক জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে তিন ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি বিরোধপূর্ণ জমিতে ছোট ভাই মজিবর সরদার বেড়া দিলে তা সমর্থন করেন মেজ ভাই নজরুল সরদার। এ নিয়ে বড় ভাই হারুন সরদারের সঙ্গে তাদের বিরোধ আরও তীব্র হয়ে ওঠে। রোববার জোহরের নামাজ চলাকালে নজরুল সরদার স্থানীয় মসজিদে জামাতে অংশ নেন। এ সময় হারুন সরদার মসজিদে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালান। এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হন নজরুল। তাকে উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় তার মৃত্যু হয়।
মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আমি নামাজে ইমামতি করছিলাম। তৃতীয় রাকাতে হঠাৎ পেছন থেকে চিৎকার শুনে নামাজ ভেঙে ফিরে দেখি হারুন সরদার পশু জবাইয়ের ছুরি দিয়ে নজরুলকে এলোপাতাড়ি আঘাত করছেন। মুসল্লিরা বাধা দিতে গেলে তিনি ছুরি ঘুরিয়ে ভয়ভীতি সৃষ্টি করেন। এ সময় মাওলানা কবির নামে একজন আহত হন।
কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত হারুন সরদার পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
- বিষয় :
- কুপিয়ে হত্যা
