হত্যার পর কাপড়ে মুড়িয়ে লাশ গুমের চেষ্টা, প্রেমিকাসহ আটক ৪
প্রতীকী ছবি
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ২২:৩৬
নরসিংদীর রায়পুরায় ওয়ালিদ হাসান (১৮) নামের এক তরুণকে হত্যার পর কাপড়ে মুড়িয়ে লাশ গুম করার চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর এলাকায় তার কথিত প্রেমিকার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওয়ালিদ হাসান রায়পুরা পৌর এলাকার কান্দাপাড়ার আব্দুল হাইয়ের ছেলে। তিনি চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেন। মা-বাবার বিচ্ছেদের পর তিনি মা রাশেদা বেগমের সঙ্গে উপজেলার বাহেরচর গ্রামের নানাবাড়িতে থাকতেন। একই এলাকার এক কিশোরীর সঙ্গে ওয়ালিদের প্রেমের সম্পর্ক হয়। এতে মেয়েটির পরিবারের সদস্যরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। সম্প্রতি স্বজনেরা ওই কিশোরীকে প্রবাসীর সঙ্গে বিয়ে দেন। কিন্তু সে ওয়ালিদের সঙ্গে যোগাযোগ রাখতো।
স্বজনেরা জানায়, গত বৃহস্পতিবার রাত থেকে ওয়ালিদের খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। তারা কথিত প্রেমিকা ও তার পরিবারের সদস্যদের সন্দেহ করেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে মেয়েটির বাড়ির পেছনে কাপড়ে মোড়ানো লাশ পড়ে থাকার সংবাদে ওয়ালিদের ছোট ভাই রোমানসহ কয়েকজন সেখানে যান। তারা লাশ শনাক্ত করে পুলিশে সংবাদ দেন। এ ঘটনার প্রতিবাদে আজ রোববার উত্তেজিত এলাকাবাসী মেয়েটির বাড়িতে ভাঙচুর চালিয়েছে।
রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান জানান, পুলিশ ওই তরুণের কথিত প্রেমিকার বাড়ির একটি ঘরের পেছন থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় ওই মেয়ে, তার মা, বোনসহ চারজনকে আটক করা হয়েছে। লাশ দাফনের পর ওয়ালিদের পরিবারের সদস্যরা মামলা করতে আসবেন।
