ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

নড়াইলে সুলতান মেলা ১৫ জানুয়ারি থেকে

নড়াইলে সুলতান মেলা ১৫ জানুয়ারি থেকে
×

এস এম সুলতান

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ০৮:০৮

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে আগামী ১৫ জানুয়ারি থেকে ১০ দিনব্যাপী সুলতান মেলা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সুলতান ফাউন্ডেশনের অয়োজনে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নড়াইলের সুলতান মঞ্চে অনুষ্ঠিতব্য এবারের মেলা উৎসর্গ করা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 

জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি আনজুমান আরার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, জিপি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুণ্ডু, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মো. হাসানুজ্জামান, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র রেজাউল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক ইউসুফ আলী, সহকারী অধ্যাপক মলয় নন্দী, আব্দুর রশিদ মন্নু, নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম, ইমান আলী মিলন, প্রশান্ত সরকার প্রমুখ।

মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে- শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী ও রচনা প্রতিযোগিতা, লাঠিখেলা, হা-ডু-ডু, ভলিবল, ঘোড়ার গাড়ি দৌড় প্রতিযোগিতা, সাইকেল রেস, দড়ি টানাটানি, ভ্যান গাড়ি দৌড়, গরু দৌড়, চিবুড়ি, স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া প্রতিদিন এস এম সুলতানের জীবন ও কর্মের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে। 

এবারের মেলায় স্থানীয় প্রায় ৩৫টি সাংস্কৃতিক সংগঠন এবং জাতীয় পর্যায়ের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। মেলার সমাপনী দিনে দেশের একজন প্রখ্যাত চিত্রশিল্পীকে সুলতান স্বর্ণপদক প্রদান করা হবে। 


আরও পড়ুন

×