শিশু অপহরণ মামলায় বরিশালে পলাতক আসামির ১৪ বছরের জেল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ০৯:০৫
বরিশালে ১০ বছর ধরে পলাতক এক আসামিকে ১৪ বছরের জেল দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানার পাশাপাশি অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। আসামি হৃদয় শেখ মিঠু চার বছরের শিশু অপহরণ মামলায় পলাতক রয়েছে।
সে গাইবান্ধার খোদ্দররসুলপুর গ্রামের মিনহাজ শেখের ছেলে। গত বুধবার তার অনুপস্থিতিতে এ রায় দেন বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ।
আদালতের বেঞ্চ সহকারী অজিবর রহমান জানান, ২০১০ সালের ৫ মার্চ সন্ধ্যা ৬টায় বরিশালের আগৈলঝাড়ার প্রতিহার গ্রামের বাসিন্দা আলী গোমস্তার সাড়ে চার বছরের ছেলে জায়েদকে চকলেটের প্রলোভন দেখিয়ে অপহরণ করে মিঠু। একই দিন সন্ধ্যা ৭টায় পার্শ্ববর্তী উপজেলার বিল্ক্বগ্রাম থেকে শিশুটিকে উদ্ধার এবং মিঠুকে আটক করা হয়। ওই রাতেই মিঠুর বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মামলা হয়। এর কিছুদিন পর মিঠু উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপনে যায়।
- বিষয় :
- শিশু অপহরণ মামলা
- আসামির জেল
- বরিশাল
