বড়াইগ্রামে ইউনিয়ন আ.লীগের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০ | ০৩:৪৫ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২০ | ০৩:৪৯
নাটোরের বড়াইগ্রামে একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ডাকায় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছেন প্রশাসন।
উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার দুপুরে ইউএনও আনোয়ার পারভেজ রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় সকল প্রকার সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী জানান, বিকেলে বিদ্যালয় মাঠে নব-নির্বাচিত ওয়ার্ড কমিটির পরিচিতি সভা ডাকা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের। কিন্তু নিয়ম বর্হিভূতভাবে দলীয় এবং আইনশৃংখলা বর্হিভূতভাবে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ত্রি-বার্ষিক সম্মেলন ডাকেন।
তিনি আরও বলেন, উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিক দলে অনুপ্রবেশকারী। উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের অনুমতি ছাড়া সম্মেলন ডেকেছিলেন।
ইউএনও আনোয়ার পারভেজ বলেন, একই মাঠে দুই পক্ষ সভা ডাকায় আইন-শৃংখলা পরিস্থিতি অবনতির শঙ্কায় রাত ১২টা পর্যন্ত সকল সভা-সমাবেশ বন্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
