ফ্যানে ঝুলছিল গৃহবধূর মরদেহ
প্রতীকী ছবি
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১ | ০৩:২৪ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ | ০৩:২৪
নওগাঁর নিয়ামতপুরে আশা খাতুন(১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বালাহৈর মাষ্টারপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। আশার পরিবারের দাবি, তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
মারা যাওয়া আশা ওই গ্রামের মিনহাজুল ইসলামের স্ত্রী এবং একই উপজেলার পাঁড়ইল ইউনিয়নের কুড়াপাড়া গ্রামের আসাদুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চার মাস আগে মিনহাজুল ইসলামের (২১) সাথে আশার বিয়ে হয়। বিয়ের পর থেকেই আশাকে নির্যাতন করা হতো বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার রাতে খাবার খেয়ে আশার শ্বশুড়বাড়ির লোকজন ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে তারা ফ্যানের সাথে আশার লাশ ঝুলতে দেখেন। খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
মারা যাওয়া আশা খাতুনের মা রোকশানা বেগম বলেন,মঙ্গলবার আমার মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তার শ্বশুরবাড়িতে গেলেও তারা আমার সঙ্গে আশাকে যেতে দেন নাই। সকালে খবর পেয়েই ছুটে এসে মেয়ের লাশ দেখতে পাই।
রোকশানা বেগমের অভিযোগ, বিয়ের পর থেকেই আশাকে নানাভাবে নির্যাতন করছিল তার শ্বশুরবাড়ির লোকজন। তার দাবি, তার মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
এ ব্যাপারে নিয়ামতপুর থানার ওসি হুমায়ূন কবির বলেন, মৃতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহটি নওগাঁ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
