জয়পুরহাটে আলুর ক্ষেতে হোটেল শ্রমিকের মরদেহ
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০ | ০৩:৩৭ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২০ | ০৩:৫৮
জয়পুরহাটের পাঁচবিবিতে জিহাদ হোসেন নামে এক হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার চাঁনপাড়া এলাকার একটি আলু ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। জিহাদ উপজেলার ফিসকারঘাট গ্রামের মজনু মিয়ার ছেলে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান জানান, দেড় বছর ধরে জিহাদ চাঁনপাড়া বাজারের আবুল কালাম আজাদের হোটেলে কাজ করতো। তিন দিন আগে সে ছুটি নিয়ে বাড়িতে যায়। মঙ্গলবার সন্ধ্যায় হোটেলে যাওয়ার কথা বলে জিহাদ বাড়ি থেকে বের হয়। বুধবার সকালে চাঁনপাড়া এলাকার একটি আলু ক্ষেতে কাজ করতে আসা কৃষকরা জিহাদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
পূর্ব শত্রুতার জের ধরে জিহাদদে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
