ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

আল-খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহৃদ সমাবেশ উদ্যোগ

রাজশাহীতে শীতবস্ত্র পেল ৪০০ পরিবার

রাজশাহীতে শীতবস্ত্র পেল ৪০০ পরিবার
×

রাজশাহীতে বুধবার শীতার্ত ৪০০ পরিবারকে শীতবস্ত্র হিসেবে কম্বল দিয়েছে সমকাল ও আন্তর্জাতিক দাতা সংস্থা আল-খায়ের ফাউন্ডেশন- সমকাল

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০ | ০৮:১২

নব্বই বছরের হালিমা খাতুনের মুখে উষ্ণ হাসি। এই প্রচণ্ড শীতের মধ্যে একটি কম্বল পেয়ে বেজায় খুশি তিনি। রাতে আর কষ্ট পেতে হবে না। হাসিমুখেই বললেন, 'অনেক ভালো লাগছে। শীতে অনেক কষ্ট হচ্ছিল।' আব্দুল জলিল নামে আরেক বৃদ্ধ বললেন, রাজশাহীতে এমনিতেই শীত বেশি। শীতের কাপড় না থাকলে অনেক কষ্টে জীবন কাটে। এখন কষ্ট কমে যাবে।

রিজিয়া পারভীন নামের আরেক নারী বলেন, ভিক্ষা করে খাই। সকালে উঠে বের হই, সারাদিন ঘুরি। রাতে বাড়ি গিয়ে ভালোভাবে ঘুমাতে পারি না। শীতে অনেক কষ্ট করি। কম্বলটি পেয়ে খুবই ভালো হয়েছে। আল্লাহ তোমাদের ভালো করুক।

কম্বলের প্যাকেট নিয়ে তারা এভাবেই প্রার্থনা করলেন কম্বল বিতরণকারীদের জন্য। রাজশাহীতে বুধবার শীতার্ত ৪০০ পরিবারকে শীতবস্ত্র হিসেবে কম্বল দিয়েছে সমকাল ও আন্তর্জাতিক দাতা সংস্থা আল-খায়ের ফাউন্ডেশন। সিটি করপোরেশনের বঙ্গবন্ধু কর্নারের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণের এ আয়োজনের উদ্বোধন করেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক মো. হামিদুল হক, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান, আল-খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব। এতে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সমকালের রাজশাহী ব্যুরোপ্রধান সৌরভ হাবিব। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সুহৃদ সমাবেশের সভাপতি আব্দুল কুদ্দুস, রাজশাহী মেডিকেল কলেজ শাখা সুহৃদের সভাপতি নিশাত তাসনীম মৌ।

রাজশাহী সিটি মেয়র লিটন বলেন, আজকে যারা এ আয়োজন করেছে, তাদের মূল উদ্দেশ্য হলো শীতার্ত মানুষকে একটু উষ্ণতা দেওয়া। এই মহৎ কাজটি করেছে আল-খায়ের ফাউন্ডেশন, তাদের সহযোগিতা করেছে সমকাল সুহৃদ সমাবেশ।

রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক বলেন, সারাদেশে এখন খুবই শীত চলছে। শীতে মানুষ খুব কষ্ট করছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংগঠন অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। রাজশাহীতে শীতবস্ত্র বিতরণের জন্য তিনি আল-খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহৃদ সমাবেশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও পড়ুন

×