মুজিববর্ষের ক্ষণ গণনা সামনে রেখে খুলনায় বর্ণিল আয়োজন
মুজিববর্ষের ক্ষণ গণনা সামনে রেখে খুলনায় বর্ণিল আয়োজন- সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০ | ০৮:৩১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য খুলনায় বর্ণিল আয়োজনের প্রস্তুতি চলছে। ১০ জানুয়ারি সারাদেশে একযোগে মুজিববর্ষের ক্ষণ গণনা শুরু হবে।দিনটি সামনে রেখে ব্যতিক্রমী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। এর মধ্যে অন্যতম হচ্ছে বঙ্গবন্ধুর জন্ম সন ১৯২০ সংখ্যাকে গুরুত্ব দিয়ে ১৯২০ শিশু, ১৯২০ জন আলেম এবং রাজনীতিক, জনপ্রতিনিধি ও খুলনা অঞ্চলের সব মুক্তিযোদ্ধা মুজিব কোট পরে একসঙ্গে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেবেন। জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান। এ ছাড়া দিনব্যাপী নানা কর্মসূচি তো আছেই।
জেলা প্রশাসন থেকে জানা যায়, ১০ জানুয়ারি খুলনায় 'চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরাম'-এর ব্যবস্থাপনায় ব্যতিক্রমী কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। ওই দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা স্টেডিয়ামে তোপধ্বনির মাধ্যমে 'কাউন্টডাউন প্রথম প্রহরে মুজিববর্ষ' সূচনা করা হবে।
সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, সোয়া ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জাতীয় সংগীত পরিবেশন করা হবে। সকাল সাড়ে ১০টায় জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পাঠ করা হবে। সবার অংশগ্রহণে পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের এবং স্বাধীনতাযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল হবে।
বিকেল ৩টায় ঢাকা জাতীয় প্যারেড স্কয়ারে জাতির পিতার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান শুরু হবে এবং বিকেল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষের ক্ষণ গণনার উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি খুলনার শহীদ হাদিস পার্ক থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
খুলনার জেলা প্রশাসক হেলাল হোসেন জানান, মুজিববর্ষে তরুণ প্রজন্মকে খেলায় উদ্বুদ্ধ করতে খুলনায় ক্রিকেট ও টেনিস টুর্নামেন্টেরও আয়োজন করা হবে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং সরকারি দপ্তরগুলোর সহযোগিতায় সাইকেল শোভাযাত্রারও আয়োজন করা হবে।
এ ছাড়া খুলনার সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ রক্তদান কর্মসূচি ও রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা থাকবে। পরিবেশ সুরক্ষায় খুলনায় 'পরিচ্ছন্ন খুলনা, পরিবেশ দূষণমুক্ত খুলনা' কার্যক্রম পরিচালনা করা হবে। তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 'উদ্যোক্তা ঋণ মেলার' আয়োজন করা হবে। এরই মধ্যে নগরীর বিভিন্ন স্থানে মুজিববর্ষের বর্ণিল ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে।
