মুজিববর্ষের ক্ষণগণনা: ১০ জানুয়ারি কক্সবাজারে সব হোটেলে ২৫% ছাড়
কক্সবাজার অফিস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০ | ০৮:৩৯
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপনের ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আগামী ১০ জানুয়ারি কক্সবাজারের সব হোটেল-মোটেলে কক্ষ ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. কামাল হোসেন এ তথ্য জানান।
জেলা প্রশাসক বলেন, মুজিববর্ষ উদযাপনের ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধন উপলক্ষে দিনটিকে স্মরণীয় করে রাখতে কক্সবাজারে নানা আয়োজন করেছে জেলা প্রশাসন। ওই দিন সকাল ১১টায় সৈকতের লাবণী পয়েন্টে বঙ্গবন্ধুর ১০০টি দুর্লভ ছবি নিয়ে চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হবে। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বড় পর্দায় প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। এ সময়ে ১০০ বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতীক হিসেবে ১০০ কবুতর অবমুক্ত করা হবে। সন্ধ্যা ৬টায় লাবণী পয়েন্টে স্থাপিত মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। রাত ৯টায় সৈকতে ওড়ানো হবে ১০০ ফানুস। এসব অনুষ্ঠানকে কেন্দ্র করে লাবণী পয়েন্টে ৫০ সহস্রাধিক দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
তিনি জানান, কক্সবাজারে ক্ষণগণনার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, জেলার সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ছাত্র-ছাত্রী, সরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীসহ কক্সবাজারের সর্বস্তরের জনসাধারণ। এরই মধ্যে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট এবং জেলার আট উপজেলায় ক্ষণগণনা যন্ত্র স্থাপন করা হয়েছে।
জেলা প্রশাসক বলেন, অনুষ্ঠান চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ট্রাফিক পুলিশ সমন্বয় করে কাজ করবে। এ ছাড়াও স্কাউট সদস্যরা অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখবে।
জেলা প্রশাসক বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সময়কে সরকার মুজিববর্ষ ঘোষণা করেছে। আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে ক্ষণগণনার শুভ উদ্বোধন করবেন। একই সঙ্গে কক্সবাজার জেলাতেও ক্ষণগণনা কার্যক্রম শুরু হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আবছার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা উপস্থিত ছিলেন।
