কুমিল্লায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় চার যাত্রী আহত
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০ | ০৮:৪৭
কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় চারজন আহত হয়েছেন। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে জেলার সদর উপজেলার গোমতী নদীর ব্রিজ এলাকায় এ হামলা হয়। আহতদের মধ্যে দু'জনের নাম জানা গেছে। তারা হলেন- আবদুর রহিম ও নাহিদ হোসাইন।
মঙ্গলবার রাত ১২টার দিকে লাকসাম রেলওয়ে জংশন থানার ওসি নাজিম উদ্দিন জানান, ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যার। তবে তারাও তাৎক্ষণিক বিষয়টি জানতে পারেননি। পরে রেলওয়ের কন্ট্রোল রুম থেকে তাদের জানানো হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৩টায় সুবর্ণ এক্সপ্রেস ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুমিল্লার গোমতী নদীর ব্রিজ এলাকা পার হওয়ার আগ মুহূর্তে হঠাৎ ট্রেনের জানালা লক্ষ্য করে বেশ কয়েকটি পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে দুটি জানালার কাচ ভেঙে চার যাত্রী আহত হন। তাদের মধ্যে আবদুর রহিম ও নাহিদ হোসাইনের মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। ঘটনার সময় ওই বগিতে কয়েকজন চিকিৎসক ছিলেন। পরে তারা দ্রুত চিকিৎসা দিয়ে রক্তপাত বন্ধ করেন।
লাকসাম রেলওয়ে জংশন থানার ওসি আরও জানান, ওই হামলার পর তারা পুরো এলাকায় টহল বাড়িয়েছেন। মঙ্গলবারের হামলায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এখনও এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ বা মামলা করা হয়নি।
