নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দু'জনের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০ | ০৯:৫৬
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দু'জন প্রাণ হারিয়েছেন। বুধবার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের লাইতলি গ্রামের প্রবাসী জাকির আমিনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার রামচন্দ্রপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আরমান হোসেন (২৮) ও বিজয়নগর গ্রামের গুলজার হোসেনের ছেলে ফয়েজ (১৫)। তারা দু'জনই পেশায় রেফ্রিজারেটর মেকানিক ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বেগমগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী জাকির আমিনের বাড়ির একটি ফ্রিজ অকেজো হয়ে যায়। আরমান হোসেন ও তার সহযোগী ফয়েজ বুধবার দুপুর ১টার দিকে ওই বাড়িতে ফ্রিজ ঠিক করতে যান। ফ্রিজ মেরামতের একপর্যায়ে কম্প্রেসারে গ্যাস স্থানান্তরের সময় মেকানিকদের সঙ্গে আনা গ্যাস সিলিন্ডারের বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই আরমান হোসেন মারা যান। গুরুতর অবস্থায় ফয়েজকে উদ্ধার করে চৌমুহনী লাইফকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরমান ও ফয়েজের পরিবারে চলছে শোকের মাতম।
বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ জানান, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাজাহান শেখ বলেন, ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারটি অত্যন্ত নিম্নমানের ছিল। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
- নোয়াখালী
