সড়কের ময়লা পরিষ্কার করল শিক্ষার্থীরা
সড়কের ময়লা পরিস্কার করছে শিক্ষার্থীরা- সমকাল
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০ | ১০:০৯ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২০ | ১০:২৩
সড়কের পাশেই সড়ক ও জনপথ বিভাগের খোলা ড্রেন। কাদা আর পচা পানিতে সয়লাব পুরো এলাকা। সেই সড়কের পাশেই লাইন ধরে প্রস্রাব করত পথচারীরা। এ পথ দিয়ে যেতে লজ্জায় মুখ ডেকে রাখত স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও পথচারীরা। এটি ছিল প্রতিদিনের দৃশ্য।
এ চিত্র দেখে ইতোপূর্বে কয়েকটি সংগঠন ময়লা পরিষ্কারের কাজও করত। কিন্তু তাদের সেই উদ্যোগ বেশিদিন টেকেনি। কয়েকদিনের মধ্যেই সেই পুরোনো চিত্র। আবারও শুরু হয় লাইন ধরে প্রস্রাব করা। আর সড়কের পাশেই স্তূপ করে ফেলে রাখা হতো ময়লা। এবার এসব দৃশ্য চোখে পড়ে বিডি ক্লিন নামে স্বেচ্ছাসেবক সংগঠনের কয়েক শিক্ষার্থীর। তাদের উদ্যোগে আবারও সড়কের পাশের ময়লা পরিস্কার করে বাঁশ ও নেট দিয়ে বেড়া দেওয়া হয়। এতে চক্ষুলজ্জায় আর কেউ সড়কের পাশে লাইন ধরে প্রস্রাব করবে না, সড়কের পাশে ময়লা ফেলতেও তাদের আর মনোভাব সৃষ্টি হবে না। এ রকম একটি সড়কের পরিবর্তন দেখে উদ্যোক্তাদের প্রশংসা করেছেন পথচারীরা। তারা চান এ রকম পরিবর্তন যেন থাকে বছরের পর বছর।
ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের পাশে মুক্তাগাছা থানার সামনে জেলা পরিষদের ডাকবাংলো। এর প্রধান ফটকের সামনেই সড়ক ও জনপথ বিভাগের খোলা ড্রেন। সড়কের পাশের এ খোলা ড্রেনেই পথচারীরা সকাল থেকে রাত পর্যন্ত লাইন ধরে প্রস্রাব করত। আর বৃষ্টির পানিতে ময়লায় পুরো এলাকা সয়লাব থাকত। ময়লায় চলাচলে বাধাগ্রস্ত হতো পথচারীরা। দুর্ঘটনার ভয় নিয়েই পথচারীরা মহাসড়ক ঘেঁষে ও মহাসড়কের ওপর দিয়ে চলাচল করত। এ জায়গাটুকু পার হতে ময়লার দুর্গন্ধে নাকে রুমাল চেপে পথচারীদের চলাচল করতে হতো। সড়কের পাশে লাইন ধরে প্রস্রাব করায় নারী পথচারী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা ওই পথে চলতে গিয়ে লজ্জায় পড়ত।
এবার বিডি ক্লিন নামে একটি স্বেচ্ছাসেবকমূলক সংগঠনের চোখে পড়ে এসব চিত্র। তারা বুধবার কোদাল নিয়ে নেমে পড়ে সড়কের পাশের ময়লা পরিষ্কার করতে। এর পর তারা প্রস্রাব ঠেকাতে ড্রেনের সাইডে বাঁশ ও নেটের বেড়া দিয়ে পুরো এলাকা বেষ্টনী করে দেয়।
বিডি ক্লিনের সমন্বয়ক জান্নাতুল নাঈম বলেন, শহরের গুরুত্বপূর্ণ এ জায়গার পরিবেশ দেখে তাদের মন খারাপ হতো। পথচারীরা যখন মহাসড়কের পাশ দিয়ে নাকে রুমাল চেপে চলাচল করত এ দৃশ্যটিও তাদের দৃষ্টিতে পড়ত। আর যখন সড়কের পাশে লাইন ধরে প্রস্রাব করত তখন আরও লজ্জায় পড়তে হতো তাদের।
ইউএনও সুবর্ণা সরকার বলেন, বিডি ক্লিন সদস্যদের এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের ভালো কাজের জন্য তাদের সাফল্য কামনা করি।
- বিষয় :
- ময়লা পরিস্কার
- বিডি ক্লিন
- মুক্তাগাছা
