ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

নরসিংদীতে দুই বোনকে ধর্ষণচেষ্টাকারী নারায়ণগঞ্জে গ্রেপ্তার

নরসিংদীতে দুই বোনকে ধর্ষণচেষ্টাকারী নারায়ণগঞ্জে গ্রেপ্তার
×

নারায়ণগঞ্জ ও নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০ | ১০:১৮

নরসিংদী জেলার মনোহরদী এলাকায় দুই সহোদর বোনকে ধর্ষণচেষ্টার আসামি আলমগীর হোসেন খাঁকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলমগীর হোসেন নেত্রকোনার কেন্দুয়া থানার কাটা কুশিয়া এলাকার এলাহি নেওয়াজ খাঁর ছেলে। তার কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড এবং ট্রাউজার উদ্ধার করা হয়। সে বিভিন্ন সময় নিজেকে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্য পরিচয়ে প্রতারণা করত।

র‌্যাব-১১-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন বলেন, ওই সহোদর মনোহরদী এলাকার একটি স্কুলের শিক্ষার্থী। কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলমগীরের সঙ্গে ওই দুই বোনের পরিচয় হয়। আলমগীর ওই দুই বোনের সঙ্গে ভাইবোনের সম্পর্ক গড়ে তোলে।

প্রতারক আলমগীর ২০১২ সালে ঢাকা সেনানিবাসের কচুক্ষেত এলাকায় একটি আর্মি স্টোরে চাকরি নেয়। ওই সময় সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড এবং ট্রাউজার সংগ্রহ করে। এসব দেখিয়ে সে বিভিন্ন সময় প্রতারণা করে আসছিল।

এরপর গত বছরের ২৫ ডিসেম্বর সন্ধ্যার পর হঠাৎ করেই আলমগীর ওই দুই বোনের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। রাতে কীভাবে যাবে এ বাহানা করলে ভিকটিমের মা আলমগীরকে রাতের জন্য আশ্রয় দেন। রাতে সবাই ঘুমিয়ে পড়লে লম্পট আলমগীর ঘুমিয়ে থাকা দু'বোনকে ধর্ষণের চেষ্টা করে। আকস্মিক এ ঘটনায় হতবিহ্বল দু'বোন কিছু বুঝে ওঠার আগেই আলমগীর তাদের সঙ্গে কিছু আপত্তিকর ছবি তুলে নেয়। এ ঘটনা কাউকে না জানাতে শাসিয়ে দিয়ে বলে, ঘটনা জানালে ফেসবুকে এসব ছবি ছড়িয়ে দেওয়া হবে।

এদিকে ওই দুই বোন নিজেদের আপত্তিকর ছবি মুছে ফেলতে আলমগীরকে অনুরোধ করলে আলমগীর দু'বোনকে তার সঙ্গে বেড়াতে যাওয়ার আবদার করে। বেড়াতে গেলে ছবিগুলো মুছে ফেলা হবে বলে জানালে দু'বোন তার সঙ্গে বেড়াতে যেতে রাজি হয়। গত বছরের ৩০ ডিসেম্বর দু'বোন আলমগীরের সঙ্গে বেড়াতে গেলে আলমগীর তাদের ফুসলিয়ে এবং ভয়ভীতি দেখিয়ে ঢাকা থেকে বরিশালগামী কীর্তনখোলা লঞ্চের একটি কেবিনে নিয়ে তোলে। মধ্যরাতে আলমগীর দু'বোনকে ধর্ষণচেষ্টা করে। ব্যর্থ হয়ে তাদের মারধর করে এবং লঞ্চ বরিশাল ঘাটে ভিড়লে তাদের সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার নিয়ে সটকে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভিকটিমদের তাদের নিজ বাড়িতে ফেরত পাঠানো হয়। ঘটনা জানতে পেরে র‌্যাব অভিযান চালিয়ে লম্পট আলমগীরকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

×