ডিজিটাল বাংলাদেশ
শ্রেষ্ঠ বিভাগের পুরস্কার নিলেন সিলেটের বিভাগীয় কমিশনার
মো. মোস্তাফিজুর রহমান
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০ | ১০:৩৩
গত বছরের মধ্যভাগে সরকারের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে যোগদানের পর দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ শুরু করেন। এর একটি হচ্ছে সিলেট বিভাগকে সবার আগে ডিজিটাল করা এবং অন্যটি হচ্ছে বিভাগের ১১টি পর্যটন স্পটকে চিহ্নিত করে সেগুলোর উন্নয়ন। ওই বছরের ২০ অক্টোবর সমকালকে এ দুটি বিষয় নিয়ে কাজ করার কথা তিনি জানিয়েছিলেন।
এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে সিলেটকে তিনি শ্রেষ্ঠ বিভাগের মর্যাদায় উন্নীত করবেন। এ ক্ষেত্রে তিনি সফলও হয়েছেন। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯' অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ বিভাগের পুরস্কার গ্রহণ করেছেন মোস্তাফিজুর রহমান। সিলেট বিভাগ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে শ্রেষ্ঠ বিভাগের পুরস্কার পাওয়ায় খুশি এ অঞ্চলের মানুষ। সিলেটের বিভিন্ন পেশার মানুষের আশা, এ বিভাগকে শ্রেষ্ঠ করার মাধ্যমে পর্যটন কেন্দ্রগুলোরও উন্নয়ন ঘটবে।
বিসিএস দশম ব্যাচের কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করেন গত বছরের ৬ জুলাই। ২০১১ সালে তিনি যশোরের জেলা প্রশাসক থাকাকালীন যশোরকে ডিজিটাল জেলা হিসেবে রূপান্তরের জন্য কাজ করেন। সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর জেলাকে বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা করেন। এবার সিলেটকেও তিনি ডিজিটাল বিভাগ হিসেবে এগিয়ে নিলেন।
সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. সোয়েব বলেন, দেশের মধ্যে সিলেট বিভাগ শ্রেষ্ঠ হয়েছে এটা আনন্দের বিষয়। বিভাগীয় কমিশনার এ জন্য সবার মন জয় করেছেন। পর্যটনেও এ বিভাগকে মোস্তাফিজুর এগিয়ে নেবেন এমন আশা প্রকাশ করেন সোয়েব।
- বিষয় :
- মো. মোস্তাফিজুর রহমান
