ভোটকেন্দ্রে যাওয়ার পথে হৃদরোগে মারা গেলেন ইউপি সদস্য প্রার্থী
নকুল চন্দ্র দাসের মৃত্যুতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন -সমকাল
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২ | ০৫:১৪ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ | ০৫:১৪
নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী নকুল চন্দ্র দাস (৫৭) ভোটকেন্দ্রে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃতের ছেলে স্বপন চন্দ্র জানান, তারা বাবা নিয়ামতপুর সদর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ভোটের মাঠে প্রচার-প্রচারণা সরব ছিলেন তিনি। দুপুরে চার্জার ভ্যানে চড়ে স্থানীয় কানউল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, অসুস্থতাজনিত কারণে ভোটের দিন সকালে কেন্দ্রে যাওয়ার পথে চার্জার ভ্যানে ওঠার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নকুল চন্দ্র দাস। এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন বলেন, 'ইউপি সদস্য প্রার্থী নকুল চন্দ্র দাসের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ভোটকেন্দ্রে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার মৃত্যুতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।'
- বিষয় :
- ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু
- নিয়ামতপুর
