গৃহযুদ্ধের মাঝেও সুদানে প্রতি মিনিটে ৩ শিশু জন্ম নিচ্ছে
সুদানে গৃহযুদ্ধের মাঝে নবজাতকদের নিয়ে বিভীষিকাময় দিন পার করছেন নারীরা। ছবি: আলজাজিরার সৌজন্যে
আলজাজিরা
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ | ১৮:১২
চলমান গৃহযুদ্ধের মাঝেও সুদানে প্রতি মিনিটে অন্তত তিন শিশু জন্ম নিচ্ছে বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। মঙ্গলবার আন্তর্জাতিক দাতব্য সংস্থাটি সতর্ক করে বলেছে, এই জন্ম হার শিশুদের এক বিভীষিকাময় পরিস্থিতে ফেলছে।
দুই বছরের বেশি সময় ধরে সুদানে সংঘাতে লিপ্ত দেশটির সেনা এবং আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। সরকারি তথ্যের বরাত দিয়ে সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ২০২৩ সালের এপ্রিলে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ৫৬ লাখ শিশুর জন্ম হয়েছে। এর অর্থ, দেশটিতে প্রতিদিন ৫ হাজার শিশু জন্ম নিচ্ছে। অথচ যুদ্ধের কারণে কয়েক লাখ মানুষ দিনে একবেলা খাবার খেয়ে বেঁচে আছে।
সুদানে সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আবদিলাদিফ বলেন, বেড়ে ওঠার দিনগুলোতে এসব শিশুরা পরিবারের সঙ্গে এক স্থান থেকে আরেক স্থানে পালিয়ে বেড়াচ্ছে।
দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয় মূলত সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আরএসএফ কমান্ডার মোহাম্মদ হামদান দাগালোর মধ্যকার ক্ষমতার লড়াই থেকে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, লড়াই শুরুর পর থেকে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুতের সংখ্যা প্রায় ১ কোটি ২০ লাখ।
যুদ্ধে লিপ্ত উভয় পক্ষের বিরুদ্ধেই যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠেছে। বিশেষ করে দারফুর অঞ্চলে আরএসএফ-এর বিরুদ্ধে পাওয়া নৃশংসতার প্রমাণকে গণহত্যার আলামত হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা।
