আলু রপ্তানির জাল নথিতে ১০ কোটি টাকা আত্মসাৎ
ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২৬ | ১০:২৩ | আপডেট: ১১ মে ২০২৬ | ১০:৫৭
আলু রপ্তানির বিপরীতে সরকার ২০ শতাংশ নগদ প্রণোদনা দিত। এই প্রণোদনার টাকা হাতিয়ে নেওয়া এবং বিদেশে থাকা ‘অবৈধ’ অর্থ দেশে এনে সাদা করার উদ্দেশ্যে আলু রপ্তানির নামে জাল কাগজপত্র তৈরি করেছিল একটি চক্র। রপ্তানি না করেই ভুয়া নথি দেখিয়ে সরকারের কোষাগার থেকে প্রণোদনার ১০ কোটি টাকা নিয়েছেন কামাল উদ্দিন ও আমিনুল ইসলাম নামে দুই ব্যবসায়ী।
একই সঙ্গে আলু রপ্তানির আয়ের নামে প্রায় ৫০ কোটি ৩৯ লাখ টাকা পাচার করে দেশে এনে ‘সাদা’ করা হয়েছে। অবশেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অনুসন্ধানে তাদের এই জালিয়াতি ধরা পড়েছে।
অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আহনাফ কর্পোরেশনের কামাল উদ্দিন ও আল-আমিন কর্পোরেশনের আমিনুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা করা হয়েছে। গতকাল রোববার সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের এসআই মো. মনিরুজ্জামান বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলাটি করেন। অন্য দুই আসামি হলেন সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান জিআর ট্রেডিং কর্পোরেশনের রাশিদা পারভীন রুনু ও কেএইচ এল এক্সিম লিমিটেডের মোহাম্মদ রাফিকুল ইসলাম রাসেল।
সিআইডি জানায়, অভিযুক্তরা ২০১৯ থেকে ২০২১ সালের বিভিন্ন সময়ে উত্তরা ব্যাংকের রমনা শাখা এবং সোনালী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার মাধ্যমে ১১৫টি জাল রপ্তানি ডকুমেন্ট ব্যবহার করেন। এসব ডকুমেন্টে প্রায় ৫০ কোটি ৩৯ লাখ টাকার আলু রপ্তানির তথ্য দেখানো হলেও বাস্তবে তা করা হয়নি। তখন আলু রপ্তানি করলে প্রাপ্ত অর্থের ২০ শতাংশ নগদ প্রণোদনা দিত তৎকালীন সরকার।
সিআইডি অনুসন্ধানে জানতে পারে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে অজ্ঞাত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ এনে তা ‘বৈধ রপ্তানি’ আয়ের মতো দেখানো হয়। চক্রটি আলু রপ্তানি দেখিয়ে বিদেশ থেকে আনা ৫০ কোটি ৩৯ লাখ টাকা অর্থের বিপরীতে সরকারের কাছ থেকে প্রায় ১০ কোটি ৭ লাখ টাকা প্রণোদনা হিসেবে হাতিয়ে নেয়। অভিযুক্তরা পরস্পরের যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিদেশ থেকে অর্থ এনে নিজেদের ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ৬০ কোটি ৪৭ লাখ ২ হাজার ৯০৬ টাকা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করেছেন।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের এক কর্মকর্তা জানান, পণ্য রপ্তানি সংক্রান্ত কাগজপত্র জাল-জালিয়াতি করে তৈরি করেছে চক্রটি।
- বিষয় :
- আলু রপ্তানি
- টাকা আত্মসাৎ
- প্রণোদনা
