মাঠ থেকে নিরাপদ কৃষিপণ্য রাজধানীর বাজারে
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে কৃষকের বাজারে গত শুক্রবার শুরু হয়েছে উত্তম কৃষিচর্চা পদ্ধতিতে উৎপাদিত নিরাপদ কৃষিপণ্যের বিপণন ও ব্র্যান্ডিং কার্যক্রম সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ০৮:১৮
| প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা গ্রামের কৃষক মো. ছানোয়ার হোসেন। উত্তম কৃষিচর্চা বা গ্যাপ পদ্ধতি অনুসরণ করে তিনি ফসল উৎপাদন করেন। তার ক্ষেতে উৎপাদিত সেই নিরাপদ ফসল এখন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে কৃষকের বাজারে বিক্রি হচ্ছে। উৎপাদক থেকে সরাসরি বাজারে আসা পণ্যগুলো ঘিরে ঢাকার ক্রেতাদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
গত শুক্রবার এই বাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে উত্তম কৃষিচর্চা পদ্ধতিতে উৎপাদিত নিরাপদ কৃষিপণ্যের বিপণন ও ব্র্যান্ডিং কার্যক্রম। কৃষি মন্ত্রণালয়ের পার্টনার প্রকল্পের আওতায় হর্টেক্স ফাউন্ডেশন এ কার্যক্রম শুরু করেছে।
কৃষক ছানোয়ার হোসেনের কাছে নিরাপদ কৃষি কোনো কঠিন বিষয় নয়। তিনি বলেন, ফসলের যখন যা প্রয়োজন, সঠিক মাত্রায় সেটি দিতে পারলেই নিরাপদ খাদ্য উৎপাদন সম্ভব। পার্টনার কর্মসূচির সহায়তায় উত্তম কৃষিচর্চা অনুসরণ করে ফসল উৎপাদন করছি। এতে উৎপাদন খরচ কমছে। এখন এই পণ্য বাজারজাতও করতে পারছি। এতে লাভ বেশি।
মধুপুরের এই কৃষকের মতো আরও অনেক কৃষক এখন উৎপাদনের পাশাপাশি ফসলের মান ও বাজারজাতকরণের বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। কারণ, নিরাপদ পণ্য উৎপাদন করলেই হবে না, সেটি ভোক্তার কাছে পৌঁছানোর ব্যবস্থাও থাকতে হবে। সে লক্ষ্যেই কাজ করছে পার্টনার কর্মসূচি ও হর্টেক্স ফাউন্ডেশন।
গাজীপুরের তিলোত্তমা অর্গানিক কৃষি খামারে উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্যও এখন পাওয়া যাচ্ছে হর্টেক্স ফাউন্ডেশন পরিচালিত কৃষকের বাজারে। প্রকৃতিনির্ভর কৃষি পদ্ধতিতে উৎপাদিত নিরাপদ, পুষ্টিকর ও পরিবেশবান্ধব খাদ্য মানুষের কাছে সহজলভ্য করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
গত শুক্রবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ের কৃষকের বাজারে বাংলাদেশ গ্যাপ সনদপ্রাপ্ত কৃষিপণ্যের বিপণন ও ব্র্যান্ডিং কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে– কলা, পেঁপে, লাউ, টমেটো ও চিচিঙ্গা। এ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও হর্টেক্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এস এম আনসারুজ্জামান। তিনি বলেন, কৃষি উৎপাদনের প্রচলিত ধারণার বাইরে গিয়ে মাটি, পানি, পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে ফসল উৎপাদনের ওপর জোর দেওয়া হচ্ছে। লক্ষ্য একটাই– প্রকৃতিনির্ভর কৃষিতে উৎপাদিত নিরাপদ খাদ্য আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। নিরাপদ খাদ্য নিশ্চিত করার পথে উৎপাদক, সরকারি সংস্থা, বিজ্ঞানী, রপ্তানিকারক ও ভোক্তার মধ্যে একটি সম্মিলিত বন্ধন তৈরি হচ্ছে।
হর্টেক্স ফাউন্ডেশনের যুগ্ম পরিচালক মিতুল কুমার সাহা জানান, ‘তাজা খান, সতেজ থাকুন’– এই ভাবনাকে সামনে রেখে হর্টেক্স বাজার ঢাকা নগরবাসীর জন্য নিরাপদ কৃষিপণ্য সরবরাহে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে নিরাপদ কলা সরবরাহের জন্য হানায় ফুডসপ্রো লিমিটেডের সঙ্গে এবং নিরাপদ আনারস, পেঁপে, টমেটো, লাউ ও চিচিঙ্গা সরবরাহের জন্য তিলোত্তমা অর্গানিক ফার্ম ও সানওয়ার এগ্রো ফার্মের সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। এসব নিরাপদ কৃষিপণ্য প্রতি শুক্রবার মানিক মিয়া অ্যাভিনিউয়ের কৃষকের বাজারে পাওয়া যাবে। সকাল ৭টা থেকে বিকেল পর্যন্ত চলবে বেচাকেনা। এতে কৃষকের বাড়তি খরচ হবে না।
- বিষয় :
- কৃষি