রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫ | ০৮:৪৪ | আপডেট: ০৩ আগস্ট ২০২৫ | ১০:০৮
রাজধানী ঢাকায় আজ সকালে কিছুটা রোদ থাকলেও দিনের বেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা অথবা মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, এসময়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়।
এদিকে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এসব এলাকায় বর্তমানে কোনো সতর্কবার্তা নেই এবং কোথাও সংকেত দেখানোর প্রয়োজন নেই। ফলে নৌচলাচলে বড় ধরনের কোনো ঝুঁকির আশঙ্কা নেই।
