প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, জড়িত সচিবালয় কর্মচারীসহ দুজন গ্রেপ্তার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ২৩:৩০
সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তারা হলেন–সচিবালয়ের আউটসোর্সিং কর্মচারী রঞ্জন চন্দ্র ও ভাঙাড়ি ব্যবসায়ী রেজাকুল ইসলাম। বৃহস্পতিবার সচিবালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে চুরি হওয়া তার উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে বিস্তারিত জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ঘটনায় বিটিসিএল কর্তৃপক্ষ শাহবাগ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ ছায়াতদন্ত শুরু করে। তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুরে রঞ্জন চন্দ্রকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
এক পর্যায়ে তিনি স্বীকার করেন, গত ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে তিনি তামার তার চুরি করেন। পরে ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে একটি ভাঙাড়ি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট আট কেজি ২০০ গ্রাম তার বিক্রি করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিটিটিসির একটি দল ওই ভাঙাড়ি দোকান থেকে রেজাকুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে চকবাজারের হোসেনী দালান রোড এলাকার আরেকটি ভাঙাড়ি গুদামে অভিযান চালিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের চুরি হওয়া তামার তার উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগের তার চুরির সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ চক্রের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে।
- বিষয় :
- প্রধানমন্ত্রী
- চুরি
- গ্রেপ্তার
