ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

৩ দিনের সফরে রোববার রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

৩ দিনের সফরে রোববার রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
×

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ২৩:০০

তিন দিনের সফরে আগামী রোববার মস্কো যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনসহ আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা।

গত ৩ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে খলিলুর রহমানের জয়লাভের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, খলিলুর রহমান অত্যন্ত দক্ষ পেশাজীবী, ভারসাম্যপূর্ণ ও বাস্তববাদী রাজনীতিক এবং কূটনীতিক হিসেবে পরিচিত। রাশিয়া খলিলুর রহমানের সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ।

সফরের দ্বিতীয় দিনে খলিলুর রহমান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এর পাশাপাশি তিনি রাশিয়া সরকারের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন প্রতিনিধির সঙ্গে দেখা করবেন। রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। 
সূত্র জানায়, তাদের বৈঠকে গুরুত্ব পাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ইস্যু। এ ছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা।

আরও পড়ুন

×