ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজনের মৃত্যু, ঘরবাড়িতে আগুন

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজনের মৃত্যু, ঘরবাড়িতে আগুন
×

প্রতীকী ছবি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ২২:৩৮

পূর্ববিরোধের জেরে টাঙ্গাইলে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় কালাম তালুকদার (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভূঞাপুর উপজেলার জগৎপুরা ও গোপালপুর উপজেলার গোলিপেঁচা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। 

এ ঘটনায় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুরসহ অগ্নিসংযোগ করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাতেমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গোপালপুর উপজেলার গোলিপেঁচা ও ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামের মধ্যে গত ২২ এপ্রিল দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরই জেরে বৃহস্পতিবার বিকেলে পুনরায় সংঘর্ষে জড়ায় দুই গ্রামের বাসিন্দারা। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

সংঘর্ষে কালাম তালুকদারসহ অনেকেই আহত হন। পরে তাঁদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কালামকে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্যদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসলাম উদ্দিন বলেন, ‘সংঘর্ষের ঘটনায় নিহত কালামের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাক, তাদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

আরও পড়ুন

×