ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মাঠে সতর্ক থাকবে বিএনপি

৬ জেলায় সেনা, ৫ জেলায় বিজিবি মোতায়েন

সমাবেশ করবে জামায়াত, মিছিলের কর্মসূচি এনসিপির

৬ জেলায় সেনা, ৫ জেলায় বিজিবি মোতায়েন
×

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নজরদারি জোরদার করেছে সরকার। মোড়ে মোড়ে তল্লাশি করছে পুলিশ। গতকাল সোমবার রাজধানীর শাহবাগ থেকে তোলা -সমকাল

 সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ০৮:৪৩ | আপডেট: ২৩ জুন ২০২৬ | ১১:১৩

| প্রিন্ট সংস্করণ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দলটির নেতাকর্মীদের সম্ভাব্য মিছিল ঠেকাতে দেশজুড়ে সতর্ক প্রশাসন। নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় ৯ দিনের জন্য সেনা মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পাঁচটি জেলায় গতকাল সন্ধ্যা থেকে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রাজধানীতে মোতায়েন থাকবে ১৮ হাজার পুলিশ সদস্য। 

সরকার বলছে, কোনো কোনো জায়গায় আওয়ামী লীগের অপতৎপরতা বেড়েছে। এ ব্যাপারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তর থেকে একটি ‘জরুরি বার্তা’ পাঠানো হয় মাঠ পর্যায়ে। এতে সারাদেশে পুলিশকে প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।
পুলিশের জরুরি বার্তায় বলা হয়, দলটির কর্মীরা দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে। এতে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষ সৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি তাদের কর্মকাণ্ডে বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনীও আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
এ পরিস্থিতি রাজনীতির মাঠে হঠাৎ কিছুটা উত্তাপ ছড়িয়েছে। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দল পৃথকভাবে রাজপথে অবস্থান করবে। তবে আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি ঘোষণা করেনি ক্ষমতাসীন বিএনপি। জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য আজ বিকেলে ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে।

চব্বিশের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ সামাজিক মাধ্যমে তাদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করে আসছে। রাজধানীতে গত পাঁচ দিনে অন্তত ছয়টি ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। এসব মিছিল থেকে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  সর্বশেষ গতকাল সোমবার সকাল ৬টার দিকে ধানমন্ডির সাতমসজিদ সড়কে মিছিল থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। 
 
সেনা মোতায়েন 
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সেনা মোতায়েনের জন্য গতকাল দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে চিঠি দেওয়া হয়। এতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচি পালন করছে। এর মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। চিঠিতে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় শান্তিশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় ৯ দিনের জন্য প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েনের অনুরোধ করা হয়। ২২ থেকে ৩০ জুন ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ হিসেবে সেনাসদস্যরা কাজ করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই চিঠির পর সেনাবাহিনী মাঠে নেমেছে। গতকাল সন্ধ্যায় ফরিদপুরে সেনাবাহিনীকে টহল দিতে দেখা যায়। গতকাল সন্ধ্যায় গাজীপুরের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার সমকালকে বলেন, সেনাবাহিনী মোতায়েনের প্রস্তুতি চলছে। 

এসব এলাকায় সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। দেড় বছর ধরে মাঠে থাকা সেনাবাহিনীকে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়। গত ১৫ জুন সেনাবাহিনী প্রত্যাহার করে নেওয়া হয়। 

৫ জেলায় বিজিবি 
৫ জেলায় বিজিবি মোতায়েন করেছে সরকার। কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজারে ৩০ জুন পর্যন্ত বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 
অন্যান্য জেলায় প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক মোতায়েনের জন্য বিজিবি সদস্যরা ‘স্ট্যান্ডবাই’ থাকবেন বলেও জানানো হয়।

পুলিশের বিশেষ প্রস্তুতি
ঢাকা মহানগর পুলিশ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির ১৮ হাজারের বেশি সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন। রাজধানীজুড়ে ২০০টির বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট থাকছে। 

জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘কার্যক্রম নিষিদ্ধ হওয়া মাফিয়া চক্র আওয়ামী লীগের কিছু অপতৎপরতা সরকারের গোচরীভূত হয়েছে। দেশের বিভিন্ন জেলায় তারা মিছিল বা সমাবেশের মাধ্যমে জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সে জন্য দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’ এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সেনা মোতায়েন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, আওয়ামী লীগ নামে কোনো সংগঠন তো নেই।

পুলিশ বাহিনীর ওপর জনগণের আস্থা বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আস্থা বা অনাস্থার কোনো প্রশ্নই আসে না। পুলিশ বাহিনী বহু কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ড পরিচালনা করেছে। প্রয়োজন অনুযায়ী পুলিশকে সহযোগিতা করতে বিজিবি কিংবা সেনাবাহিনী মোতায়েন একটি নিয়মিত আইনি প্রক্রিয়া। 

জামায়াত জোটের কর্মসূ‌চি 
আজ রাজপ‌থে থাক‌ার ঘোষণা দিয়েছে জামায়া‌তে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক‌্য। আজ বি‌কে‌লে জো‌টের শীর্ষ নেতা‌দের উপ‌স্থি‌তি‌তে রাজধানীর বিজয়নগর এলাকায় সমাব‌েশ হবে। সোমবার রাজধানীর মগবাজা‌রে জামায়াত কার্যাল‌য়ে জো‌টের লিয়া‌জোঁ ক‌মি‌টির বৈঠ‌কের পর এ কর্মসূ‌চি ঘোষণা করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার বিচার সুনির্দিষ্ট সময়ে সম্পন্ন করা, আওয়ামী লীগ আমলের গুম-খুনের বিচার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন দাবিতে এ সমাবেশ করা হ‌বে ব‌লে সংবাদ স‌ম্মেল‌নে ব‌লেন ১১ দ‌লের সমন্বয়ক ও জামায়া‌তের সহকারী সে‌ক্রেটা‌রি জেনা‌রেল হা‌মিদুর রহমান আযাদ। এনসিপি জানিয়েছে, আওয়ামী লীগের মাধ্যমে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিতে আজ পুরান ঢাকায় তারা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করবে। 

 

আরও পড়ুন

×