সাংবাদিকদের মানোন্নয়ন ও ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান
প্রধান প্রতিবেদকদের সঙ্গে ডিআরইউর মতবিনিময় সভা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ২১:২৬
সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ, আধুনিক প্রশিক্ষণ, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে (ডিআরইউ) আরও শক্তিশালী, আধুনিক ও স্বাবলম্বী প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানিয়েছেন দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রধান প্রতিবেদকরা। তারা বলেন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ডিআরইউকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। একইসঙ্গে সময়ের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় দক্ষ জনবল গড়ে তুলতে হবে।
রোববার দুপুরে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের চিফ রিপোর্টারদের সঙ্গে মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
সভায় আমার দেশের প্রধান প্রতিবেদক এম আবদুল্লাহ বলেন, সাংবাদিকদের সরকারি নিবন্ধন ব্যবস্থা চালু, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, পরীক্ষাভিত্তিক নিবন্ধন, এন্ট্রি-লেভেলে ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ করতে হবে। সাংবাদিকদের জন্য শক্তিশালী কল্যাণব্যবস্থা গড়ে তুলতে ডিআরইউকে ভূমিকা রাখতে হবে।
ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সিদ্দিক ইসলাম আন্তর্জাতিক মানের সাংবাদিক গড়ে তুলতে এআই ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। সংবাদের সালাম জুবায়ের বলেন, ডিআরইউ তার ঐতিহ্য ধরে রেখে আরও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ইত্তেফাকের শামসুদ্দিন আহমেদ নতুন সাংবাদিক তৈরিতে সুশৃঙ্খল প্রশিক্ষণব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক ও সমকালের মসিউর রহমান খান বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ডিআরইউকে পরিচালনা করতে হবে।
ডেইলি স্টারের পার্থ প্রতীম ভট্টাচার্য সাংবাদিকদের ওপর হামলা-মামলার বিষয়ে সরকারের সঙ্গে কার্যকর আলোচনার পাশাপাশি এআইভিত্তিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন।
সভাপতির বক্তব্যে আবু সালেহ আকন বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা নানা চ্যালেঞ্জের মুখোমুখি। পেশাগত অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা, নিম্ন বেতন, হামলা-মামলা এবং সামাজিক নিরাপত্তার অভাব সাংবাদিকদের জন্য বড় উদ্বেগের বিষয়। এসব সমস্যা সমাধানে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে ডিআরইউ নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংগঠনের মর্যাদা সমুন্নত রাখতে ডিআরইউ অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে।
মাইনুল হাসান সোহেল বলেন, ডিআরইউর বর্তমান কমিটি শুধু সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সীমাবদ্ধ নয়। বরং ভবিষ্যতের কথা মাথায় রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। ডিআরইউ প্রাঙ্গণে আধুনিক মসজিদ কমপ্লেক্স, সদস্যদের জন্য হেলথ কর্নার, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ট্রেনিং ইনস্টিটিউট এবং সংগঠনের স্থায়ী আয়ের উৎস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সদস্যদের সন্তানদের জন্যও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। তাই এআই, ডেটা জার্নালিজম, অনুসন্ধানী সাংবাদিকতা, মাল্টিমিডিয়া রিপোর্টিং ও ডিজিটাল নিরাপত্তাসহ সময়োপযোগী বিষয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সভায় প্রধান প্রতিবেদকদের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগ্রামের নাসির উদ্দিন শোয়েব, বাসসের (বাংলা) দিদারুল আলম, বাসসের (ইংরেজি) রাজিব হোসেন, মানবজমিনের লুৎফর রহমান, কালের কণ্ঠের শরিফুল আলম সুমন, আজকের পত্রিকার শহীদুল ইসলাম খান, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের (টিবিএস) আবুল কাশেম, সময়ের আলোর মামুন হোসেন, রাইজিংবিডির নইমুদ্দিন, বাংলানিউজটোয়েন্টিফোরডটকমের ইসমাইল হোসেন, আমাদের সময়ের সাজ্জাদ মাহমুদ খান, দেশ রূপান্তরের উৎপল রায়, টাইমস অব বাংলাদেশের সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- ডিআরইউ
- মতবিনিময় সভা
- সাংবাদিক
- ওয়েজবোর্ড