ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

শিল্প খাতের অবস্থা অত্যন্ত ভয়াবহ, মালিকরা দিশেহারা: ড. ইজাজ

শিল্প খাতের অবস্থা অত্যন্ত ভয়াবহ, মালিকরা দিশেহারা: ড. ইজাজ
×

‘জ্বালানি খাতে সংকট: উত্তরণে করণীয়’ শীর্ষক সংলাপে বুয়েটের সাবেক অধ্যাপক ড. ইজাজ হোসেন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ১৪:৫৬ | আপডেট: ০১ আগস্ট ২০২৬ | ১১:১৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ড. ইজাজ হোসেন বলেন, বর্তমানে জ্বালানি খাত এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে কোনো সাময়িক মলম বা ব্যান্ড-এইড সলিউশন দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। শিল্প খাতের অবস্থা অত্যন্ত ভয়াবহ। শিল্প মালিকরা দিশেহারা। কারণ বিশ্ববাজারে জ্বালানির দাম এবং আমাদের অভ্যন্তরীণ উৎপাদন সক্ষমতা– উভয়ই এখন বড় চ্যালেঞ্জ। 

বৃহস্পতিবার সমকাল আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন। ‘জ্বালানি খাতে সংকট: উত্তরণে করণীয়’ শিরোনামে এ সংলাপে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রাজধানীর তেজগাঁওয়ে সমকাল কার্যালয়ে সংলাপটি অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ড. ইজাজ হোসেন আরও বলেন, ভবিষ্যতে শিল্পায়নের পরিকল্পনা নতুন করে সাজাতে হবে। অধিক জ্বালানিনির্ভর শিল্প যেমন– টেক্সটাইল, সিমেন্ট বা স্টিল মিল কীভাবে টিকে থাকবে, তা নিয়ে বড় ধরনের সংশয় রয়েছে। 

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার চাইলে জ্বালানি খাতে অনেক সংস্কার করতে পারত, কিন্তু তা করা হয়নি। এখন প্রশ্ন হলো, বর্তমান সরকার এ খাতের সংকট মোকাবিলায় কী পদক্ষেপ নেবে।

ড. ইজাজ হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে জ্বালানি সংকট থাকলেও শিল্পকারখানাগুলো কোনোভাবে টিকে ছিল। তবে বর্তমানে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। বিদ্যুৎ খাতে কয়লাভিত্তিক কেন্দ্র চালু হওয়ায় কিছুটা সুবিধা মিললেও শিল্প খাতের সংকট পুরোপুরি কাটেনি।

তাঁর ভাষ্য, শিল্প উদ্যোক্তারা এখন গ্যাসের সংকটের পাশাপাশি উচ্চমূল্যের চাপেও পড়েছেন। শুধু সরবরাহের সমস্যা থাকলে তা সমাধান করা সম্ভব হতো, কিন্তু এখন সরবরাহ ও মূল্য—দুই দিক থেকেই সংকট রয়েছে। বর্তমান পরিস্থিতি আগে জানা থাকলে অনেকেই নতুন শিল্পে বিনিয়োগ করতেন না।

তিনি বলেন, প্রায় ১০ বছর আগেই তিনি সিরামিক শিল্পে বিনিয়োগ না করার পরামর্শ দিয়েছিলেন। সে সময় গ্যাস সরবরাহের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তা নিশ্চিত হয়নি। একেক সরকার একেক ধরনের প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু দীর্ঘমেয়াদি সমাধান হয় না।

ড. ইজাজ হোসেন বলেন, বর্তমানে জ্বালানির চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছে। তাই বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় নিয়ে শিল্পনীতি প্রণয়ন করতে হবে।

তিনি আরও বলেন, পোশাক শিল্পে বড় কোনো সমস্যা নেই। তবে সংকটে থাকা অন্যান্য শিল্পকে টিকিয়ে রাখতে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে কোন ধরনের শিল্প স্থাপন করা হবে, সে বিষয়ে সরকার, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবার মধ্যে আলোচনা করে পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে। পরিকল্পনা ছাড়া শিল্প স্থাপন করলে তা টেকসই হবে না।

তিনি বলেন, জাপান বা ভারতের মতো বড় অর্থনীতির দেশগুলো সংকট মোকাবিলার সক্ষমতা রাখে। কিন্তু বাংলাদেশের সেই সক্ষমতা সীমিত। তাই দেশের বাস্তবতা ও সক্ষমতা বিবেচনায় নিয়েই শিল্পায়নের পরিকল্পনা করতে হবে।
 

আরও পড়ুন

×