সিপিডির নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন ড. নাজনীন আহমেদ
ড. নাজনীন আহমেদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ১৯:৫৪ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬ | ১৯:৫৬
ড. নাজনীন আহমেদকে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ নিয়োগ কার্যকর হবে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিপিডি। এদিকে, আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বর্তমান নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনকে সিপিডির সম্মাননীয় ফেলো হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদের বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক গবেষণা, নীতি বিশ্লেষণ ও উন্নয়ন কার্যক্রমে প্রায় তিন দশকের অভিজ্ঞতা রয়েছে। সিপিডির নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেওয়ার আগে ড. আহমেদ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) দায়িত্ব পালন করেন। তিনি দুই বছর ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট এবং পরবর্তী তিন বছর নিউইয়র্কে ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক ব্যুরোর পলিসি অ্যাডভাইজার হিসেবে কাজ করেন।
ইউএনডিপিতে যোগ দেওয়ার আগে নাজনীন আহমেদ বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি গৌরবময় ২৫ বছরের কর্মজীবন কাটিয়েছেন। ১৯৯৮ সালের জুলাইয়ে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে বিআইডিএসে যোগ দেওয়ার পর তিনি বিভিন্ন পর্যায়ের গবেষণা পদে দায়িত্ব পালন করে গবেষণা পরিচালক নিযুক্ত হন।
ড. নাজনীন আহমেদের গবেষণা ও নীতি-সংশ্লিষ্ট আগ্রহের ক্ষেত্র বিস্তৃত। এর মধ্যে রয়েছে সামষ্টিক অর্থনীতি ও উন্নয়ন, আন্তর্জাতিক বাণিজ্য, শিল্প ও কর্মসংস্থান, সুশাসন, জেন্ডার সমতা, সামাজিক সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি। দেশি-বিদেশি পিয়ার-রিভিউড জার্নালে তার বহু গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। পাশাপাশি খ্যাতনামা আন্তর্জাতিক প্রকাশনা সংস্থার বিভিন্ন বইয়ে তার লেখা অধ্যায় এবং আন্তর্জাতিক সংস্থার জন্য প্রস্তুত করা গবেষণা প্রতিবেদনও রয়েছে।
দীর্ঘ কর্মজীবনে তিনি বিশ্বব্যাংক, ডিএফআইডি, ইউএনসিটিএডি, আন্তর্জাতিক শ্রম সংস্থা, ইউরোপীয় ইউনিয়ন, আইএফপিআরআই, আইডিবিসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন।
ড. নাজনীন আহমেদ নেদারল্যান্ডসের ওয়াখেনিনজেন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে ডেভেলপমেন্ট ইকোনমিকসে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এর আগে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। তিনি চেভেনিং স্কলারও ছিলেন।
- বিষয় :
- সিপিডি