নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ
নোয়াখালীকে বিভাগ করার দাবিতে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন ঢাকায় বসবাসরত জেলাটির বাসিন্দারা। এ সময় তারা ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৬
| প্রিন্ট সংস্করণ
নোয়াখালী জেলাকে পৃথক প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন নোয়াখালী বিভাগ প্রত্যাশীরা। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে তারা সড়কে অবস্থান নেন। প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ রাখার পর আন্দোলনকারীরা স্থান ত্যাগ করলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বেলা ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার চক মসজিদ প্রাঙ্গণ থেকে শাহবাগের উদ্দেশে একটি মিছিল বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রায় ৪৫ মিনিট পর মিছিলটি শাহবাগে পৌঁছে সড়ক অবরোধ করে। আন্দোলনকারীদের গায়ে বিভাগের দাবি-সংবলিত টি-শার্ট এবং হাতে ব্যানার-ফেস্টুন দেখা যায়।
অবস্থান চলাকালে নোয়াখালীকে দ্রুত বিভাগ ঘোষণার দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা। তারা বলেন, নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণা করা হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং বৃহত্তর এলাকার মানুষের নাগরিক সেবা পাওয়ার সুযোগ বাড়বে।
এদিকে শাহবাগ মোড় অবরুদ্ধ হয়ে পড়ায় চারপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। বাংলামোটর, মৎস্য ভবন, সায়েন্সল্যাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি সামাল দিতে কিছু যানবাহনকে বিকল্প রাস্তায় ঘুরিয়ে দেয় পুলিশ। পরবর্তী সময়ে বিকেল সাড়ে ৫টার দিকে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে চলে গেলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
- বিষয় :
- নোয়াখালী