ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

অপ্রতিম হত্যাকাণ্ডে যুব মৈত্রীর তীব্র নিন্দা ও ক্ষোভ

অপ্রতিম হত্যাকাণ্ডে যুব মৈত্রীর তীব্র নিন্দা ও ক্ষোভ
×

অপ্রতিম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:২৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলে অপ্রতিমকে বখাটে ও সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, শোক ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যুব মৈত্রী। আজ শনিবার সংগঠনটির সভাপতি তৌহিদুর রহমান ও সাধারণ সম্পাদক তাপস দাস এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

তারা বলেন, শিশুকে সন্ত্রাস ও সহিংসতার শিকার হয়ে প্রাণ দিতে হবে-এ বাস্তবতা শুধু একটি পরিবারের জন্য নয়, গোটা সমাজ ও রাষ্ট্রের জন্য গভীর লজ্জার। এ লজ্জা রাষ্ট্রের, এ লজ্জা অধঃপতিত সমাজের।

নেতারা বলেন, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। অথচ আজ মানুষের স্বাভাবিক মৃত্যুর কোনো নিশ্চয়তা নেই। ঘর থেকে বেরিয়ে শিশু নিরাপদে বেড়ে উঠবে কি না-সেটিও অনিশ্চিত হয়ে পড়েছে। অপরাধীরা যদি রাজনৈতিক, সামাজিক কিংবা অন্য কোনো প্রভাবের আশ্রয়ে আইনের আওতার বাইরে থাকার সুযোগ পায়, তাহলে রাষ্ট্রে আইনের শাসন ও ন্যায়বিচারের ধারণাই প্রশ্নবিদ্ধ হয়।

বিবৃতিতে বলা হয়, মানুষের জীবন ও মানবিক সম্পর্ককে যখন মুনাফা, ভোগ, লোভ ও ব্যক্তিস্বার্থের কাছে ক্রমাগত পরাজিত হয়। অপ্রতিমের হত্যাকাণ্ড সেই বৃহত্তর সামাজিক অবক্ষয়ের একটি নির্মম বহিঃপ্রকাশ। অপরাধীর পরিচয়, ক্ষমতা বা প্রভাব যাই হোক, তাকে আইনের মুখোমুখি করতেই হবে।

অবিলম্বে মাস্টার অপ্রতিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে গ্রেপ্তার, বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বাংলাদেশ যুব মৈত্রীর নেতারা। তারা বলেন, আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে প্রতিটি শিশু, প্রতিটি মানুষ নিরাপদে বাঁচতে পারে। মানুষের জীবনের নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়-এটি নাগরিকের অধিকার। আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। অপ্রতিম হত্যার বিচার চাই।

আরও পড়ুন

×