খিলক্ষেতে শিশু নিখোঁজ, পরিবারকে অজ্ঞাত ব্যক্তির ফোন
মো. হাবিবুল্লাহ নাঈম। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ২১:২৭ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ২১:২৯
রাজধানীর ক্ষিলক্ষেত এলাকা থেকে মো. হাবিবুল্লাহ নাঈম নামে ১২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে খিলক্ষেতের ১৭ নম্বর ওয়ার্ডের কুড়িটোলা স্কুলরোড এলাকার ভাড়া বাসা থেকে সে রাগ করে বের হয়। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিশুটির মা মোছা. শরীফা খাতুন।
স্বজনরা জানান, নাঈমের বাবার নাম মো. বাবুল ইসলাম এবং মায়ের নাম মোছা. শরীফা খাতুন। তাদের গ্রামের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার হাজনা নাটোর গ্রামে। বর্তমানে তারা খিলক্ষেতের কুড়িটোলা স্কুল রোড এলাকায় বসবাস করেন।
নাঈমের চাচা গোলাম হুসাইন সমকালকে বলেন, গত বৃহস্পতিবার বিকেলে ৬ বছর বয়সী ছোট ভাই আদিলের সঙ্গে নাঈমের ঝগড়া হয়। এতে তার মা বকাঝকা করলে নাঈম রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর নাঈমকে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। এসময় নাঈমের কাছে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এছাড়া এসআরবি (র্যাব) ও ডিবি পুলিশের কাছে উদ্ধারের জন্য আবেদন করা হয়েছে।
এসআরবির কাছে করা আবেদন সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। ফোনে বলা হয়, নাঈম তাদের হেফাজতে আছে। এ সময় ফোনে শিশুটির কান্নার শব্দ শোনা যায়। ফোনে নাঈমকে শারীরিক নির্যাতন করে একটি বাথরুমে আটকে রাখার কথা জানানো হয়। পরে ‘হাজী বাড়ি ক্যাম্প এলাকায়’ রয়েছে বলে অজ্ঞাত ব্যক্তি ফোনটি কেটে দেন। এরপর থেকে ওই নম্বরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
খিলক্ষেত থানার ওসি মো. সোহরাব আল হোসাইন সমকালকে বলেন, থানায় ডিজি হয়েছে। আমরা শিশুটিকে খোঁজে পাওয়ার জন্য কাজ করছি।