ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

অনশন ভাঙলেন ঢাবি শিক্ষার্থীরা

অনশন ভাঙলেন ঢাবি শিক্ষার্থীরা
×

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জুস পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙেন -সমকাল

 বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০ | ১০:০৪

টানা ৫৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরস্বতী পূজার দিন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন পেছানোর দাবিতে গত বৃহস্পতিবার দুপুর ২টা থেকে অনশন করছিলেন বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী।  অবশেষে শনিবার রাতে নির্বাচন কমিশন ভোটের তারিখ পরিবর্তন করে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করলে অনশনের সমাপ্তি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জুস ও পানি পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া, সহকারী প্রক্টর সীমা ইসলাম, ডাকসু এজিএস সাদ্দাম হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপাচার্য আখতারুজ্জামান বলেন, যখন গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে কোনো দাবির প্রতিফলন ঘটে, তখন আমাদের ভালো লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ দ্বারা তাড়িত হয়ে একটি যৈক্তিক দাবি করেছে। নির্বাচন কমিশন সে দাবিকে সম্মান জানিয়েছে, এ জন্য কমিশনকে ধন্যবাদ।

তিনি বলেন, শিক্ষার্থীদের এই অসাধারণ মূল্যবোধকে আমি শ্রদ্ধা করি। যখন সমাজের অনেক অংশ কথা বলতে পারে না, তখন অন্ততপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহৎ মূল্যবোধ প্রতিফলনের জন্য বক্তব্য রাখে। এমন একটি পদ্ধতিতে তারা আন্দোলন করেছে, একটি সুস্থ ধারার চিন্তার প্রতিফলন তারা দেখাতে সক্ষম হয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে একটি যৌক্তিক দাবি তারা উত্থাপন করেছে। এটি সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

উৎপল বিশ্বাস তারিখ পেছানোয় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, যেহেতু নির্বাচন কমিশন ভোটের তারিখ পরিবর্তন করেছে, সেহেতু আমাদের আন্দোলনের সমাপ্তি ঘোষণা করা হলো।

অনশনের সমাপ্তি ঘোষণার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল করেন।

আরও পড়ুন

×