প্রথম আলো সম্পাদকসহ ৬ জনের জামিন শুনানি সোমবার
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০ | ০৫:৩১
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সহযোগী সম্পাদক আনিসুল হকসহ ছয়জনের করা আগাম জামিন আবেদনের শুনানি সোমবার অনুষ্ঠিত হবে।
রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আগাম জামিন শুনানি না হওয়া পর্যন্ত তাদের গ্রেপ্তার না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশও দিয়েছে আদালত। আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার আমির উল ইসলাম।
মতিউর রহমান ও আনিসুল হক ছাড়া অন্য চারজন হলেন- কিশোর আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মহিতুল আলম, হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শাহ পরান তুষার ও শুভাশীষ প্রামাণিক।
এর আগে গত বৃহস্পতিবার নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
মোহাম্মাদপুর থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল আলীম প্রতিবেদন জমা দিলে শুনানি শেষে ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কায়সারুল ইসলাম এ আদেশ দেন।
গত ১ নভেম্বর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর অনুষ্ঠান চলাকালে মঞ্চের পেছনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় ওই প্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার।
- বিষয় :
- ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
- হাইকোর্ট
