ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

টিপ পরায় শিক্ষিকাকে গালিগালাজ ও নির্যাতনের বিচার দাবি জাসদের

টিপ পরায় শিক্ষিকাকে গালিগালাজ ও নির্যাতনের বিচার দাবি জাসদের
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২২ | ০৮:০৮ | আপডেট: ০৩ এপ্রিল ২০২২ | ০৮:০৮

টিপ পরায় শিক্ষিকাকে গালিগালাজ ও নির্যাতনকারী ‘পুলিশ সদস্যের’ বিচার ও সাজা দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। রোববার জাসদ একাংশের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। 

বিবৃবিতে শনিবার ফার্মগেটে এলাকায় তেজগাঁও সরকারি কলেজের শিক্ষিকা ড. লতা সমাদ্দারকে টিপ পরায় পুলিশের পরা পরিহিত এক ব্যক্তি অশ্লীল গালিগালাজ ও তার পায়ের উপর বাইক চালিয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জাসদ। দায়ী ব্যক্তিকে গ্রেপ্তার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এবং তাকে অবিলম্বে পুলিশ বাহিনী থেকে বহিষ্কারের দাবিও জানানো হয়। 

জাসদ নেতৃবৃন্দ বলেন, ইদানিং প্রশাসন ও পুলিশের কিছু সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করা বাদ দিয়ে নাগরিকদের, বিশেষ করে নারীদের পোশাক, চলাফেরাসহ অভিরুচি, ব্যক্তি স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপের ঘটনা ঘটাচ্ছে। 

প্রশাসন-পুলিশসহ সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ে অবস্থানকারী দেশের নাগরিকদের সাংবিধানিক অধিকার লঙ্ঘনকারী তেঁতুল তত্ত্বের অনুসারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানায় দলটির নেতারা। তেঁতুলতত্ত্ব তথা ধর্মান্ধতার বিরুদ্ধে গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতিরোধ অব্যাহত রাখারও আহ্বান জানান তারা।

জাতীয় নারী জোট

অনুরূপভাবে জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা এক বিবৃতিতে টিপ পরায় শিক্ষিকা গালিগালাজকারী পুলিশ সদস্যকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। তিনি, পুলিশি নির্যাতনের শিকার হয়ে সাহসী প্রতিবাদ করা এবং আইনি ব্যবস্থা নেওয়ার দৃঢ়তা দেখানোর জন্য শিক্ষিকা ড. লতা সমাদ্দারকে সাধুবাদ জানান। 

তিনি বলেন, লতা সমাদ্দারের পাশে জাতীয় নারী জোট থাকবে।

আরও পড়ুন

×