রোসাটমের বিবৃতি
বিঘ্ন ছাড়াই রাশিয়া থেকে যন্ত্রপাতি আসছে রূপপুর বিদ্যুৎ প্রকল্পে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আসা যন্ত্রপাতি, ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২২ | ০২:৩৫ | আপডেট: ০৫ এপ্রিল ২০২২ | ০২:৩৫
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া থেকে কোনো বিঘ্ন ছাড়াই যন্ত্রপাতি আসছে বলে জানিয়েছে রাশিয়ার এটমিক এনার্জি করপোরেশন- রোসাটম। মঙ্গলবার রোসাটম এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য সম্প্রতি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ সমুদ্রবন্দর থেকে যন্ত্রপাতির নতুন একটি লট শিপমেন্ট করা হয়েছে।
এ লটে ইউনিট- ১ এবং ২ এর জন্য এক হাজার ৩০০ বিভিন্ন আইটেমের যন্ত্রপাতি রয়েছে, যার ওজন প্রায় এক হাজার ৫৭৩ টন। চলতি বছরের জুনেই নতুন এসব যন্ত্রপাতি রূপপুর সাইটে ডেলিভারি দেওয়া হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদার রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান এটমষ্ট্রয়এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট এবং প্রকল্পের পরিচালক আলেপেই ডেইরি জানান, বিরূপ আন্তর্জাতিক পরিস্থিতিতেও রূপপুর প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর হিসেবে নির্মাণ কাজ এবং যন্ত্রপাতি সরবরাহ উভয় ক্ষেত্রেই আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি।
বিবৃতিতে বলা হয়, পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে স্থাপিত হচ্ছে দুটি ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর, যার মোট উৎপাদন ক্ষমতা হবে দুই হাজার ৪০০ মেগাওয়াট। রাশিয়ার এ রিয়্যাক্টর মডেল সব আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম।
