ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

আড়ং কর্মীদের পোশাক পরিবর্তনের ভিডিও করার দায় স্বীকার সিরাজুলের

আড়ং কর্মীদের পোশাক পরিবর্তনের ভিডিও করার দায় স্বীকার সিরাজুলের
×

অভিযুক্ত সিরাজুল ইসলাম সজীব

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০ | ০৭:০৪ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ | ০৮:৪৫

দেশের জনপ্রিয় ব্র্যান্ড আড়ংয়ের নারী কর্মীদের পোশাক পরিবর্তনের ভিডিও ধারণ ও প্রতারণার ঘটনায় গ্রেপ্তার সিরাজুল ইসলাম ওরফে সজীবকে আদালতে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজুল জানিয়েছেন, আড়ংয়ে থাকার সময় নারী কর্মীদের পোশাক বদলানোর কামরা সংলগ্ন সানশেডে দাঁড়িয়ে তিনি মোবাইল ফোন ও সেলফি স্টিক দিয়ে পোশাক পরিবর্তনের দৃশ্য ভিডিও করতেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটের এডিসি নাজমুল ইসলাম সমকালকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আড়ংয়ের এক নারী কর্মীর অভিযোগের ভিত্তিতে ২৫ জানুয়ারি সিরাজুলকে রাজধানীর মণিপুরিপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। ওই নারী অভিযোগ করেন, একটি ফেক আইডি থেকে মেসেঞ্জারে তার পোশাক পরিবর্তনের ছবি ও ভিডিও পাঠানো হয়েছে এবং ভিডিও চ্যাট না করলে আরও ভিডিও প্রকাশ করা হবে বলে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি সন্দেহভাজন একজনের নাম বলেন। সে অনুযায়ী পুলিশ প্রথমে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং পরে তার মোবাইল থেকে আরও ১১ নারীর ৩৬টি ভিডিও উদ্ধার করে।

সাইবার ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ বলেন, সিরাজুলের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮-এর ১, ৮-এর ২ ও ৮-এর ৩ ধারায় এবং ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ৩৪ ও ৩৫ ধারায় মামলা হয়েছে। আদালতে অভিযোগ প্রমাণিত হলে তার কমপক্ষে ১০ বছরের কারাদণ্ড হবে।

এর আগে গত বছরের ডিসেম্বরে এক সহকর্মীর ব্যক্তিগত ভিডিও আপলোড করার অপরাধে আড়ং কর্তৃপক্ষ সিরাজুলকে চাকরিচ্যুত করে।

আরও পড়ুন

×