জুলাইয়ের মধ্যে বসবে পদ্মাসেতুর সব স্প্যান: ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০ | ০৭:২৩
আগামী জুলাই মাসের মধ্যে পদ্মাসেতুর সবগুলো স্প্যান বসানো সম্পন্ন হবে বলে সংসদকে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সংসদে বৈঠকে প্রশ্নোত্তরে সরকারি দলের দিদারুল আলমের প্রশ্নের জবাবে এমন তথ্য জানান। এর আগে বিকাল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয় এবং প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
একই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পদ্মাসেতুর ৪১টি স্টিল ট্রাসের (স্প্যান) মধ্যে ২০টি ইতোমধ্যে স্থাপন হয়েছে। বাকি ২১টি আগামী জুলাইরে মধ্যে স্থাপন হবে। গত বছরের ডিসেম্বর পর্যন্ত পদ্মাসেতু প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ৭৬ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে মূল সেতুর ভৌত অগ্রগতি ৮৫ দশমিক ৫ শতাংশ এবং নদীশাসন কাজের অগ্রগতি ৬৬ শতাংশ। আগামী বছর (২০২১) সালের জুন মাসে এ সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাস্তবায়নাধীন উত্তরা-মতিঝিল মেট্টোরেলের সার্বিক অগ্রগতি (ডিসেম্বর ২০১৯) ৪০ দশমিক শূণ্য ২ শতাংশ।
সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে সড়ক ওবায়দুল কাদের বলেন, আন-পার্সোনালাইজড ড্রাইভিং লাইসেন্স কার্ডের স্বল্পতার জন্য স্বাভাবিক গতিতে লাইসেন্স কার্ড প্রিন্ট সম্ভব হচ্ছে না। শুধুমাত্র বিশেষ ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে (ভিসা/বিদেশ যাত্রা/চাকরির আবেদন) দৈনিক নির্ধারিত সিলিং অনুযায়ী লাইসেন্স কার্ড প্রিন্ট ও সরবরাহ চলমান আছে। আন-পার্সোনালাইজড কার্ডের জন্য আন্তর্জাতিক দরপত্র চলমান আছে। এটি সম্পন্ন হলে যথাসময়ে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা সম্ভব হবে।
নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী জানান, মোটরযানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে গত বছর ২৩ হাজার ৫৪১টি মামলা দায়ের করে চার কোটি ৫৪ লাখ ৮১ হাজার ৪৩০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময়ে ৩০৪ জনকে কারাদণ্ড ও ১৯৮টি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।
