ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

উন্নয়ন সহযোগীদের কম শর্ত আরোপের আহ্বান প্রধানমন্ত্রীর

উন্নয়ন সহযোগীদের কম শর্ত আরোপের আহ্বান প্রধানমন্ত্রীর
×

বিডিএফের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ০২:০৬ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ | ০৫:০৪

দেশের উন্নয়নের অগ্রগতি রক্ষা করতে এবং এটিকে টেকসই করতে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আরও সহায়তা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের বিভিন্ন উন্নয়ন কাজে উন্নয়ন সহযোগীরা এগিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেছেন, এ কাজে সহযোগীদের খুব বেশি শর্ত আরোপ না করার আহ্বান জানাচ্ছি। খবর বাসসের

বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ উন্নয়ন ফোরাম (বিডিএফ)-২০২০’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আমরা যে কাজগুলো শুরু করেছি সেগুলোকে আমরা টেকসই করতে চাই। আর সেটা করতে গেলে আর্থিক সঙ্গতি দরকার। আর সেক্ষেত্রে আমি মনে করি, আমাদের যারা উন্নয়ন সহযোগী আছেন তারাও এগিয়ে আসবেন, সহযোগিতা করবেন।’

কারণ হিসেবে তিনি বলেন, ‘একটা বিষয়ে কেউ যখন সফল হয় সেখানে সাহায্য করতে তো কারো দ্বিধা থাকে না বরং আগ্রহ আরও বেশি হয়। সেটা আমরা দেখি, কাজেই সেটাই হবে বলে আমরা মনে করি।’

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সরকারের উন্নয়ন চাহিদার সঙ্গে যাতে উন্নয়ন সহযোগীরা সম্পৃক্ত হতে পারে, সেজন্যই দু্ই দিনব্যাপী বিডিএফ সভার আয়োজন করেছে। 

অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বৈঠকের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন। বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ সেফার, জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জুনিচি ইয়ামাদা এবং এডিবি’র ভাইস প্রেসিডেন্ট শিক্সিন চেন বক্তৃতা করেন।

ইউএন রেসিডেন্ট কোয়ার্ডিনেটর এবং লোকাল কনসালটেটিভ গ্রুপের কো-চেয়ার মিয়া সেপোও বক্তৃতা করেন এবং ইআরডি সচিব মনোয়ার আহমেদ স্বাগত বক্তৃতা করেন।

ইআরডি সূত্র জানায়, বিশ্ব ব্যাংক, এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি), জাইকা, ইউএসএইড, ইউকে এইড, ভারত, চীনসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীর শীর্ষ কর্মকর্তাবৃন্দ বৈঠকে অংশ নিচ্ছেন।

মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিদেশি কূটনীতিক এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা এবং আমন্ত্রিত অতিথিরা এসময় উপস্থিত ছিলেন।

২০১০ সাল থেকে বিডিএফ’র সভা অনুষ্ঠিত হচ্ছে। এবার চতুর্থ বারের মত এই সভা অনুষ্ঠিত হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পর আমাদের অনেক চড়াই উৎরাই পেরোতে হয়েছে, কখনো গণতন্ত্র ধারাবাহিকভাবে চলতে পারেনি, সামরিক স্বৈরশাসন বলবৎ ছিল। ফলে, দেশের কাঙ্খিত উন্নয়ন সাধিত হয়নি।

দীর্ঘ ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই দেশের কাঙ্খিত উন্নয়ন শুরু হয় উল্লেখ করে তিনি বলেন, ‘এটা মাথায় রাখতে হবে কোনো রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া কখনও কোনো দেশ উন্নতি করতে পারে না। আর সেটা আজকে বাংলাদেশের ক্ষেত্রে একেবারে প্রমাণিত সত্য।’

তিনি বলেন, একটি দেশকে গড়ে তোলার জন্য সেখানে যেমন রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন থাকে, কমিটমেন্ট থাকা দরকার তেমনি একটি পরিকল্পনা থাকা দরকার।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি রাজনৈতিক দলের যদি একটি সুষ্ঠু পরিকল্পনা থাকে যে, দেশটাকে কিভাবে তাঁরা গড়তে চায় তাহলেই সে দেশের উন্নয়ন ত্বরান্বিত হতে পারে। আর আমরা সে কাজটাই করেছিলাম।

আরও পড়ুন

×