‘আবার বিশ্বকাপ চাওয়াটা হয়তো লোভ হয়ে যাবে’, জন্মদিনে বিনয়ী মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ০৮:৩৯ | আপডেট: ২৫ জুন ২০২৬ | ০৮:৪১
৩৯ বসন্ত পেরিয়ে ৪০-এর কোঠায় পা রাখলেন ফুটবল ইতিহাসের বরপুত্র লিওনেল মেসি। ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিওতে জন্ম নেওয়া এই মহাতারকার ফুটবল ক্যারিয়ারে অপ্রাপ্তি বলতে আর কিছুই অবশিষ্ট নেই। বর্তমানে যুক্তরাষ্ট্রে চলমান ২০২৬ বিশ্বকাপে নিজের দ্বিতীয় বিশ্বখেতাব ছোঁয়ার অভিযানে আছেন তিনি। আসরের প্রথম দুই ম্যাচেই হ্যাটট্রিকসহ ৫ গোল করে ইতিমধ্যেই নতুন ইতিহাস গড়েছেন এলএমটেন। আর এমন মহিমান্বিত এক জন্মলগ্নে এসে আর্জেন্টাইন অধিনায়ক অকপটে জানালেন, ঈশ্বরের কাছে নতুন করে আর কোনো চাওয়া নেই তার।
গত সোমবার রাতে অস্ট্রিয়ার বিপক্ষে চোখধাঁধানো জোড়া গোল করে জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে টপকে এককভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার (১৮ গোল) রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। এই ঐতিহাসিক কীর্তি ও নিজের জন্মদিন উপলক্ষে আর্জেন্টিনার বিখ্যাত সংবাদপত্র ‘ওলে’কে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন তিনি।
সেখানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেসি বলেন, ‘সত্যি বলতে, আমি এর চেয়ে বেশি কিছু চাইতে পারি না, ঈশ্বরকে ধন্যবাদ। যেমনটা আমি বহুবার বলেছি, ক্রীড়াঙ্গনে তিনি আমাকে সবকিছু দিয়েছেন। আমি এখন আর নতুন কিছু চাই না। শুধু আমার নিজের, আমার পরিবারের এবং যারা সবসময় আমার পাশে ছিল, তাদের সুস্বাস্থ্য প্রার্থনা করি।’
আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে কাটানো প্রতিটা মুহূর্তকে এখন মনের মণিকোঠায় জমিয়ে রাখতে চান এই ফুটবল জাদুকর। দীর্ঘ লড়াইয়ের পর আলবিসেলেস্তেদের সাথে কাটানো এই সোনালী সময় নিয়ে তিনি বলেন, ‘আমি এই মুহূর্তগুলো উপভোগ করে যেতে চাই। এই দুর্দান্ত দলের অংশ হয়ে থাকতে চাই। যে দলটি বহু বছর ধরে দেশের মানুষকে আনন্দ দিয়ে আসছে এবং প্রতিটি প্রতিযোগিতায় সর্বোচ্চ পর্যায়ে খেলছে। দলের ছেলেরা প্রতিটি ম্যাচে এমনভাবে মাঠে নামে, যেন সেটাই তাদের ক্যারিয়ারের প্রথম ম্যাচ, সামনে প্রতিপক্ষ যেই হোক না কেন। আর সর্বোপরি, এই দলে থাকার নিখাদ আনন্দটাই আমি উপভোগ করতে চাই।’
২০২৬-এর মঞ্চে আর্জেন্টিনার টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে বরাবরের মতোই বিনয়ী উত্তর দেন মেসি। তিনি স্মিত হেসে বলেন, ‘ঈশ্বরের কাছে আবার বিশ্বকাপ চাওয়াটা হয়তো একটু বেশি লোভ বা অতিরিক্ত চাওয়া হয়ে যাবে। সৃষ্টিকর্তা আমাকে ইতিমধ্যে যা দিয়েছেন, তাই আমার জন্য অনেক অনেক বেশি।’
৩৯ বছর বয়সে এসেও যেভাবে মেসি বিশ্বমঞ্চ মাতিয়ে রাখছেন, তাতে পুরো আর্জেন্টিনা দল তো বটেই, বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্ত আরও একবার তার হাতেই সোনালী ট্রফিটি দেখার স্বপ্নে বিভোর।
- বিষয় :
- লিওনেল মেসি
- আর্জেন্টিনা
- বিশ্বকাপ ফুটবল
