বিশেষ দিনেও অতি সাধারণ মেসি
ছবি- এক্স
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ০৮:০১
ভক্তের আবেগে বাস করেন তারকারা। সেই আবেগ কখনও কখনও বাড়াবাড়ি পর্যায়ে গেলেও দেখা হয় প্রেম হিসেবে। কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে ভক্তদের সম্পর্কের গভীরতা অতলান্তে। তাই তো রাত আর দিন এক রেখায় রেখে বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে মেসির জন্মদিন। আর্জেন্টিনা থেকে আলজেরিয়া, বাংলাদেশ থেকে বাহামা– সর্বত্রই জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত মেসি।
বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে লেখা হয়েছে, গতকাল বুধবার দেশে দেশে মহাতারকার ৩৯তম জন্মদিন নানা আঙ্গিকে উদযাপন করেন ভক্তরা। আসলে তাঁর মতো পুজনীয় ফুটবলারের জন্মদিন বিশ্বজুড়ে উদযাপন করা খুবই স্বাভাবিক।
মহাতারকা লিওনেল মেসিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সামাজিক মাধ্যমকে বেছে নেয় করপোরেট প্রতিষ্ঠান। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), ফিফা, ফুটবল ক্লাব, সাবেক ও বর্তমান ফুটবলাররা পালা করে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করেন মেসিকে। আর্জেন্টাইন ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম টিওয়াইসি জানায়, ২৩ জুন রাত ১২টার পর থেকে সামাজিক মাধ্যমে ভক্তরা মেসিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেন। আর্জেন্টিনাজুড়েই ধুমধামের সঙ্গে জন্মদিনটি উদযাপন করা হয়েছে বলে লেখা হয়। দেশ-বিদেশ থেকে লাখ লাখ আর্জেন্টাইন যখন তাঁকে ৩৯তম জন্মদিনের শুভেচ্ছা জানান, লিওনেল মেসি তখন একটি ভিন্ন ভিডিও পোস্ট দেন ইনস্টাগ্রামে। একটি শব্দহীন ভিডিও, তাতে বিশেষ তারিখের উল্লেখ নেই। কোনো স্মৃতিচারণ বা স্মৃতি নেই। শুধু একটি ভিডিও। অনেকের কাছে এটি অনেক বড় একটি বার্তা।
আর্জেন্টিনার সময় বুধবার, ২৪ জুন মধ্যরাতে অধিনায়ক তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন। ওই ভিডিও দেখে আত্মহারা সমর্থকরা। অস্ট্রিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জয়ের কয়েক ঘণ্টা পর কানসাসে দলের প্রশিক্ষণ শিবিরের জিমে অনুশীলন করতে দেখা যায় তাঁকে। ভিডিওতে একটি গান জুড়ে দিয়েছেন মেসি, যার অর্থ হলো চ্যাম্পিয়নদের দেশ। আর্জেন্টিনা জাতীয় দলের এই প্রজন্মের কাছে গানটি নাকি দলীয় সংগীতে পরিণত হয়েছে।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে থেকে মেসির জন্মদিন ছিল আলোচনার কেন্দ্রে। ৩৯তম জন্মদিনটি গোল করতে পারেন কিনা, তা ছিল দেখার। জোড়া গোলে রেকর্ড গড়া উপহার নিয়ে নিজের এই বিশেষ দিনটি উদযাপন করেন ফুটবল কিংবদন্তি; বিশ্বকাপের শীর্ষ গোলদাতার তালিকায় নাম তোলেন এককভাবে। ১৮টি গোল নিয়ে বিশ্বকাপে গোলদাতার চূড়ায় তিনি। অমরত্বের মুকুটে আরেকটি পালক যোগ করা হলো তাঁর। কোটি ভক্তের শুভেচ্ছায় সিক্ত হওয়াই মেসির জন্মদিনের সেরা উপহার।
মেসি জাতীয় দলে খেলার বয়স ২১ বছর। এই দীর্ঘ পথচলায় পরিবারের থেকেও বেশি কেটেছে জাতীয় দল আর ক্লাব সতীর্থদের সঙ্গে। ২০০৫ সালের ১৭ আগস্ট জাতীয় দলের জার্সিতে প্রথম ম্যাচ খেলেন মেসি। সেই থেকে ১৩টি জন্মদিন জাতীয় দলের সঙ্গে কেটেছে তাঁর। পরিবারের সদস্যরা কাছাকাছি থাকলেও জন্মদিন নিয়ে কখনও লোক দেখানো কিছু করেননি মেসি। রাতে যে কেক কেটেছেন, সেখানে বড় কেউ উপস্থিত ছিলেন না। সাপোর্ট স্টাফ, বাবুর্চির মতো সাধারণ মানুষরাই তার বিশেষ দিনের সঙ্গী।
- বিষয় :
- লিওনেল মেসি
- বিশ্বকাপ ফুটবল
