ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নকআউটে প্যারাগুয়ে নাকি অস্ট্রেলিয়া

নকআউটে প্যারাগুয়ে নাকি অস্ট্রেলিয়া
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ০৭:৫৪

শেষ ৪০ বছরে প্যারাগুয়ের এটি ষষ্ঠ বিশ্বকাপ। যার অর্থ, লাতিনের দলটি বিশ্বমঞ্চে নিয়মিত নয়। তবে টুর্নামেন্টে এলে নকআউটে খেলে তারা। গত পাঁচ আসরের চারটিতে নকআউট খেলা প্যারাগুয়ে ২০১০ আসরে কোয়ার্টার ফাইনালও খেলেছিল। সেখানে অস্ট্রেলিয়া মাত্র দুবার নকআউট খেলেছে। গ্রুপ পর্বে দুই দলই তুরস্কের বিপক্ষে জিতে যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে। দুই দলই ৩ পয়েন্ট তুলে নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে রয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টার মুখোমুখি লড়াইয়ে জয়ী দল পাবে শেষ ৩২-এর টিকিট। সানফ্রান্সিকোয় দুই দলের ম্যাচটি তাই ভাঙা মঞ্চের মহারণ।

টুর্নামেন্টে দুই দলের রেকর্ড, ফর্ম কাছাকাছি। র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া (২৬) ও প্যারাগুয়ের (৩৭) পার্থক্য কম। গ্রুপ সঙ্গী স্বাগতিক যুক্তরাষ্ট্রের নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে। তুরস্ক বিদায় নিয়েছে। প্যারাগুয়ে-অস্ট্রেলিয়ার সমতায় দুই দলের জন্যই খোলা থাকবে নকআউটে দরজা। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় প্যারাগুয়ে শঙ্কায় পড়বে। যে কারণে প্যারাগুয়ের জন্য অলআউট ফুটবল খেলার চ্যালেঞ্জ। কিন্তু রক্ষণে দৃঢ় হলেও ফিনিশিংয়ে বেশ পিছিয়ে আলবি রোজারা। তার ওপর প্যারাগুয়ের জন্য সবচেয়ে বড় ধাক্কা আক্রমণের সেরা ভরসা মিগুয়েল আলমিরনকে না পাওয়া। তুর্কি ম্যাচে মুখ ঢেকে প্রতিপক্ষের সঙ্গে তর্ক করে লাল কার্ড দেখেছেন তিনি।

ওই ধাক্কা ভুলে নকআউট পর্ব নিশ্চিত করে প্যারাগুয়ের রাস্তায় ফুটবল খেলা দরিদ্র শিশুদের মুখে হাসি ফোটাতে চান প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলফারো, ‘সম্ভবত বিশ্বকাপে খেলা দলগুলোর মধ্যে মাঠে সবচেয়ে কম দর্শক আমাদের। কারণ, বিশ্বকাপ এখন এলিটদের জন্য। আমাদের দেশের ভক্তদের এখানে আসার সামর্থ্য নেই। তবে প্যারগুয়ের রাস্তায় ফুটবল খেলা শিশুদের জন্য বার্তা দিতে চাই যে, একসঙ্গে থাকলে আমরা অন্যদের চেয়ে শক্তিতে বড়।’ 

অস্ট্রেলিয়াও রক্ষণ কড়া করে খেলা দল। তবে উচ্চতার কারণে সেট পিস, ক্রসে ভালো। প্যারাগুয়ে ম্যাচ ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন– শুরুর একাদশে নেস্তর ইরানকুন্দা খেলবেন তো? যুক্তরাষ্ট্রের বিপক্ষে শুরুতে ছিলেন না তিনি। তবে তুর্কির বিপক্ষে সুযোগ পেয়ে শুরুতে লিড এনে দিয়েছিলেন। কোচ অবশ্য প্রশ্নের সরাসরি উত্তর দেননি, ‘শুরুর একাদশ এখনও ঠিক হয়নি। তবে পরিবর্তন প্রত্যাশা করা যেতে পারে।’ যদিও অস্ট্রেলিয়ার মিডফিল্ডার ওকন এংকসলার বলেন, ‘শুধু প্রতিভা দেখে একাদশ নির্বাচন করা হয় না। শারীরিক-মানসিক অবস্থা, কৌশলগত দিকও মাথায় নিতে হয়।’

আরও পড়ুন

×