বেঞ্চ ঝালাই করবেন আর্জেন্টিনা কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ০৭:৪৮
জর্ডানের বিপক্ষে বড় কোনো আপসেট না ঘটলে আর্জেন্টিনার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া এক প্রকার নিশ্চিতই। এ জন্যই এশিয়ার দেশটির বিপক্ষে বেঞ্চের ফুটবলারদের সুযোগ দিতে চান কোচ লিওনেল স্কালোনি। বিশ্রাম দিতে চান প্রথম একাদশের তারকাদের। যেন নকআউট পর্বে তরতাজা অবস্থায় পাওয়া যায় তাদের। তাই বাংলাদেশ সময় রোববার সকালে ৮টায় জর্ডানের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজ, রোমেরোসহ সেরা একাদশের অধিকাংশ তারকাকে নাও দেখা যেতে পারে।
শেষ গ্রুপ ম্যাচে যে পরিবর্তন আসতে যাচ্ছে, সেটা অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ের পর সংবাদ সম্মেলনেই ইঙ্গিত দিয়েছিলেন কোচ স্কালোনি। সেদিন তিনি বলেছিলেন, ‘প্রথম দুই ম্যাচ জিতে আমরা গ্রুপের শীর্ষ আছি। এখন আমরা সবকিছু বিচার-বিশ্লেষণ করব। আমাদের পরিকল্পনা হলো, যারা যোগ্য, তাদের মাঠে নামার সুযোগ করে দেওয়া।’
কাজেই গত দুই ম্যাচে যারা ডাগআউটে বসে লিওনেল মেসির ৫ গোল দেখেছেন, এ ম্যাচে তারা সুযোগ পেতে যাচ্ছেন। আর্জেন্টিনা দলে চোট সমস্যা আছে, কার্ডের ঝামেলা এড়ানোর একটা ব্যাপারও রয়েছে। এ ছাড়া স্কোয়াডে সুযোগ পাওয়া প্রত্যেক খেলোয়াড়েরই তো বিশ্বকাপ খেলার আকাঙ্ক্ষা থাকে। সবকিছু বিবেচনায় বেঞ্চের ফুটবলারদের ম্যাচ খেলার সুযোগ করে দেওয়ার এর চেয়ে মোক্ষম সুযোগ আর হয় না।
গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বিশ্বকাপ খেলতে এসেছেন ভাঙা আঙুল নিয়ে। এ চোটের কারণে প্রথম দুই ম্যাচেই তাঁকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল। সে শঙ্কা কাটিয়ে তিনি দুই ম্যাচেই খেলেছেন এবং কোনো গোল হজম করেননি। জর্ডানের বিপক্ষে তাঁর বিশ্রাম মোটামুটি নিশ্চিত। বেঞ্চে থাকা দুই গোলরক্ষক হুয়ান মুসো ও হোরোমিনো রুইয়ির মধ্যে একজন সুযোগ পাবেন। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে মুসো ও আইসল্যান্ডের বিপক্ষে রুইয়ি খেলেছিলেন।
রক্ষণেও আমূল পরিবর্তন আসছে। প্রথম ম্যাচে চোটে পড়ে বিরতির সময় উঠে গিয়েছিলেন উইংব্যাক গঞ্জালো মন্তিয়েল। দ্বিতীয় ম্যাচে না খেলা এ ডিফেন্ডার জর্ডানের বিপক্ষে ফিরছেন শুরুর একাদশে। চোট নিয়ে বিশ্বকাপে আসা স্টপারব্যাক ক্রিশ্চিয়ান রোমেরোও ডান হাঁটুতে স্বাচ্ছন্দ্যবোধ না করায় গত ম্যাচের মাঝপথে উঠে গিয়েছিলেন। ডান হাঁটুর চোটেই কয়েক মাস মাঠের বাইরে ছিলেন তিনি। তবে পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, তাঁর চোট গুরুতর কিছু নয়। সতর্কতার জন্য তাঁকে বিশ্রাম দিয়ে নিকোলাস ওতামেন্দিকে নামানো হচ্ছে। তাঁর সঙ্গী হবেন লিওনার্দো বালেরদির ইনজুরিতে বিশ্বকাপ শুরুর পর দলে ডাক পাওয়া মার্কোস সেনেসি। চোট থেকে ফিরে গত ম্যাচে বদলি হিসেবে নামা নিকোলাস তাগলিয়াফিকোও শুরুর একাদশে থাকছেন।
মিডফিল্ডের তিন তারকা ডি পল, ম্যাক এলিস্টার ও এনজো ফার্নান্দেজকে বিশ্রাম দেওয়া হচ্ছে। তাদের সঙ্গ থিয়াগো আলমাদাও বিশ্রাম পেতে যাচ্ছেন। তাদের বদলে নামবেন বার্কো, প্যালাসিওস, লো সেলেসো। তাদের সঙ্গে আগের ম্যাচে বদলি হিসেবে নামা নিকো পাজও শুরুর একাদেশ সুযোগ পেতে যাচ্ছেন। তিনি মেসির পজিশনে খেলবেন। চোট কাটিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে বদলি হিসেবে নামে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস হলুদ কার্ড পেয়েছিলেন বলে এ ম্যাচে বিশ্রামে থাকবেন।
আক্রমণভাগে লাউতারো মার্তিনেজের জায়গায় শুরুর একাদশে নামবেন গত ম্যাচে বদলি নামা হুলিয়ান আলভারেজ। তাঁর সঙ্গে জুটি বাঁধবেন বিশ্বকাপ অভিষেকের অপেক্ষায় থাকা জুলিয়ানো সিমিওনে। আরেক উইংয়ে হোসে ম্যানুয়েল লোপেজ শুরুর একাদশে সুযোগ পেতে যাচ্ছেন। তবে শুরুর একাদশে দেখা না গেলেও বদলি হিসেবে নামতে পারেন লিওনেল মেসি।
- বিষয় :
- আর্জেন্টিনা
- লিওনেল স্কালোনি
- বিশ্বকাপ ফুটবল
