এক গ্রুপেই নকআউটের তিন দাবিদার
সুমন মেহেদী
প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ০৭:৩৯ | আপডেট: ২৫ জুন ২০২৬ | ০৭:৪২
বিশ্বকাপের ড্রর সময় ‘আই’ গ্রুপকে কঠিন বলা হচ্ছিল। তবে পানসে হয়ে গেছে ফ্রান্স, নরওয়ে ও সেনেগালের লড়াইটা। গ্রুপ অব ডেথ নাম পাওয়া ‘এল’ গ্রুপে ইংল্যান্ড, ঘানা ও ক্রোয়েশিয়ার লড়াই জমে উঠেছে। গ্রুপ ‘এফ’ নজর কেড়েছে আলাদাভাদে। তিউনিসিয়ার বিদায় নিশ্চিত হয়ে গেলেও নেদারল্যান্ডস, জাপান ও সুইডেনের নকআউট পর্ব এখনও নিশ্চিত হয়নি। গ্রুপে আছে আরও নানামুখী ছোট ছোট লড়াই। যে লড়াইয়ে একটু এগিয়ে গেলেই গ্রুপসেরা হওয়ার সুযোগ। পিছিয়ে গেলে বিদায়ের শঙ্কা। আবার গ্রুপসেরার দাবিদার দলটাই তৃতীয় হয়ে নকআউটে যেতে পারে। প্রথম, দ্বিতীয় হওয়ার সঙ্গে আছে লাভ-ক্ষতির হিসাবও। গ্রুপের দ্বিতীয় হয়ে সম্ভাব্য প্রতিপক্ষ ব্রাজিলকে কেই-বা পেতে চাইবে।
গ্রুপ ‘এফ’-এ শীর্ষে থেকে নকআউট পর্বে যাওয়ার সুযোগ বেশি নেদারল্যান্ডসের। দারুণ ফুটবল উপহার দেওয়া ডাচরা শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫টায় কানসাস সিটি স্টেডিয়ামে তিউনিসিয়ার মুখোমুখি হবে। সুইডেন ম্যাচের মতো বড় ব্যবধানে জিততে পারলে গ্রুপসেরা হবে তারা। গ্রুপে কোনো ম্যাচ জিততে না পেরে বিদায় নেওয়া তিউনিসদের বিপক্ষে শক্তি, ফর্ম বিবেচনায় কমলা জার্সির দলটি যোজন এগিয়ে থাকবে।
সুইডেনের বিপক্ষে পুরো শক্তির দল নিয়ে খেলতে পারেনি ডাচরা। কনকাশন ইনজুরির কারণে খেলতে পারেননি আর্সেনালের লেফট ব্যাক জুরিন টিম্বার। তিউনিসদের বিপক্ষে ফিরবেন তিনি। সুইডেন ম্যাচ বলেই কিছুটা ঝুঁকি নিয়ে খেলেছিলেন ফ্রেঙ্কি ডি জং। তিউনিসদের বিপক্ষে পুরোপুরি ফিট থাকবেন তিনি। কোচ রোনাল্ড কোম্যান অবশ্য দু-একজন তারকাকে বিশ্রাম দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।
তবে ডালাসে শুক্রবার ভোর ৫টায় জাপান ও সুইডেনের লড়াইটা জমে উঠতে পারে। ডাচদের আটকে তিউনিসদের বিপক্ষে জয় পাওয়া জাপানের পয়েন্ট ৪। সুইডেনকে হারাতে পারলে নকআউট নিশ্চিত হবে তাদেরও। গোলের হিসাবে গ্রুপসেরা হওয়ার সুযোগও তৈরি হবে। ড্র করলেও নকআউটে যাবে তারা। কিন্তু হারলেই শঙ্কায় পড়বে নীল সামুরাই খ্যাত এশিয়ার দলটি। নকআউট পর্বে গেলেও তৃতীয় সেরা দল হিসেবে যেতে হবে। নেদারল্যান্ডসকে আটকে বিশ্বকাপ শুরু করা জাপান কোনোভাবেই পয়েন্ট হারাতে চাইবে না।
সুইডেনের জন্য সমীকরণ একেবারেই সহজ। জিতলে হিসাব-নিকাশ ছাড়া নকআউট পর্বে খেলবে তারা। ড্র করলে তৃতীয় দল হিসেবে শেষ ৩২-এ খেলার ভালো সুযোগ থাকবে। তবে চেয়ে থাকতে হবে অন্য গ্রুপের ফলের দিকে। হারলে বিদায়ের শঙ্কা থাকবে বেশি। কারণ, তিন-চার পয়েন্ট নিয়ে তৃতীয় সেরা দল হিসেবে এরই মধ্যে নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে পাঁচ-ছয়টি দল লড়াই শুরু করেছে।
সুইডেনের বিপক্ষে জাপানকে বাতাসের বলে পরীক্ষা দিতে হবে। টুর্নামেন্টের দীর্ঘদেহী ফুটবলারসমৃদ্ধ অন্যতম দল সুইডেন। ফ্রন্ট লাইনের আলেকজান্ডার ইশাক ও ভিক্টোর ইয়োকারেস সেট পিস, ক্রস থেকে হেডে গোল করতে পারদর্শী। জাপানের ফুটবলাররা উচ্চতা ও শারীরিক ফুটবলে কিছুটা পিছিয়ে। তবে এশিয়ান তিকিতাকার দারুণ এক কৌশল রপ্ত করেছেন সামুরাইরা। প্রাণশক্তিতেও ভরপুর। যে কারণে পুরো সময় মাঠ দাপিয়ে খেলতে পারে। বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে আসা তাদের বাড়তি আত্মবিশ্বাস দেবে।
- বিষয় :
- বিশ্বকাপ ফুটবল
