ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

চীন ফেরতদের পর্যবেক্ষণে রাখা হবে: পররাষ্ট্রমন্ত্রী

চীন ফেরতদের পর্যবেক্ষণে রাখা হবে: পররাষ্ট্রমন্ত্রী
×

ছবি: ইউএনবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ০৮:৩৪

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে চলমান ১৪ দিনের নিষেধাজ্ঞা চীন তুলে নেওয়ার আগেই যারা বাংলাদেশে ফিরে আসবেন তাদের সরকার পর্যবেক্ষণে রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা দেরি করছি না। চীন যখন রাজি হবে তখনই তাদের (বাংলাদেশি) ফিরিয়ে আনতে আমরা পুরোপুরি প্রস্তুত।’ খবর ইউএনবির

তবে যারা আগে আসবেন তাদের পর্যবেক্ষণে রাখার যুক্তি হিসেবে তিনি বলেন, সরকার চায় না ভাইরাসটি অন্যত্র ছড়িয়ে পড়ুক।

মন্ত্রী বলেন, ‘আমাদের পুরোপুরি প্রস্তুতি রয়েছে। প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন, যারা আসতে চায় তাদের নিয়ে আসার জন্য। এটা বলার পরপরই আমরা ফ্লাইট প্রস্তুত করে রেখেছি। তবে চীনা নেতৃত্ব আমাদের জানিয়েছে যে, তারা (পরিস্থিতি) দুই সপ্তাহ পর্যবেক্ষণ করবে। কারণ তারপর ভাইরাসটি আর দেখা দেবে না। এরপর তারা মানুষজনকে যেতে দেবে।’

চীনে থাকা শিক্ষার্থীদের ফিরিয়ে আনার জন্য সরকার তালিকা করেছে জানিয়ে আবদুল মোমেন বলেন, ‘শিক্ষার্থীদের কাছে ফরম পাঠিয়েছি। তারা নিবন্ধন শুরু করেছেন।’

তবে মন্ত্রী উল্লেখ করেন, যারা চীনে আছেন তাদের কয়েকজন বলেছেন যে এখন সেখানে থাকাই ভালো। কারণ সেখানে থাকলে চীন সরকার সব ধরনের চিকিৎসা দেবে, যা দেশে পাওয়া যাবে কি-না বলা মুশকিল।

ড. মোমেন জানান, জাপান ও যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দিলেও চীন এ ব্যাপারে শক্ত অবস্থানে রয়েছে। দেশটি বলেছে যে তারা ১৪ দিন পর বিদেশিদের যেতে দেবে।

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে করোনাভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার পর এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ২৬ জন মারা গেছেন, যার মধ্যে ২৫ জনই ভাইরাসের উৎপত্তিস্থল উহানের বাসিন্দা। সেই সঙ্গে ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৭৪ জনে।

আরও পড়ুন

×