উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০ | ০৯:৪১
উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় এ উৎসবে সারাদেশের মন্দির ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে ভক্তরা বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন। মণ্ডপে মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা ছাড়াও হাতেখড়ি, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃৃতিক অনুষ্ঠান, সন্ধ্যারতি, আলোকসজ্জা ও মেলা বসেছে। প্রতিটি পূজামণ্ডপের বাণী-অর্চনায় সমবেত হন নানা সাজে সজ্জিত নারী, পুরুষ শিশু। আবহমান বাঙালির অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে হিন্দুদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বী মানুষও উৎসবে যোগ দিয়েছেন।
এবারের পূজার তিথি (পঞ্চমী তিথি) আগেই শুরু হওয়ায় বুধবারও দেশের অনেক জায়গায় সরস্বতী পূজা উদযাপিত হয়। বুধবার সকাল সোয়া ৯টায় সরস্বতী পূজার তিথি (পঞ্চমী তিথি) শুরু হয়ে বৃহস্পতিবার সকাল ১১টা ২৫ মিনিট পর্যন্ত ছিল।
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটির সরস্বতী পূজায় সকাল থেকে হাজার হাজার পূজারি ও ভক্ত উপস্থিত হন। মন্দির প্রাঙ্গণের মেলায় ছিল বাহারি পণ্যের বিকিকিনি। গোপীবাগের রামকৃষ্ণ মিশন ও মঠমন্দিরেও উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম মণ্ডপেও পূজা ও পুষ্পাঞ্জলি প্রদান করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ বিভিন্ন হলে সাড়ম্বরে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। জগন্নাথ হলে কেন্দ্রীয় মণ্ডপ ছাড়াও খেলার মাঠে ৬৫টি বিভাগ, ইনস্টিটিউট ও অনুষদ মিলিয়ে ৭০টি মণ্ডপ স্থাপন করা হয়। প্রতিটি বিভাগের মণ্ডপ তৈরি করা হয় নিজস্ব বিভাগীয় থিম অনুযায়ী। বরাবরের মতো চারুকলা বিভাগ এবারও জগন্নাথ হল পুকুরের মধ্যে মঞ্চ নির্মাণ করে ব্যতিক্রমী পূজার আয়োজন করে। সেখানে কাঠ, বাঁশ, বোর্ড, দড়ি, কাগজ, বেত, শোলা ইত্যাদি উপকরণে নির্মিত ৩২ ফুট দীর্ঘ বিশাল প্রতিমা দৃষ্টি কেড়েছে দর্শনার্থীর। 'মুজিববর্ষ' উপলক্ষে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সাজানো হয়েছিল গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মণ্ডপটি।
জাতীয় সংসদ পরিবারের উদ্যোগে সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউর রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সরস্বতী পূজা উদযাপিত হয়। সকালে পূজা অনুষ্ঠানের উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নেওয়াই হচ্ছে আওয়ামী লীগ সরকারের অঙ্গীকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সেভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছেন। সন্ধ্যার অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ।
জবি প্রতিবেদক জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগের উদ্যোগে ৩৭টি পূজামণ্ডপ স্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন।
এ ছাড়া রাজধানীর জয়কালী মন্দির রোডের রামসীতা মন্দির, ইসকন মন্দিরসহ বিভিন্ন স্কুল-কলেজে সরস্বতী পূজা উদযাপিত হয়।
বরিশাল ব্যুরো জানায়, এবার বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের ২২টি বিভাগে পৃথকভাবে সরস্বতী পূজার আয়োজন করা হয়। এ উপলক্ষে প্রতিটি বিভাগের মণ্ডপগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। বিএম কলেজ ছাড়াও অমৃত লাল দে মহাবিদ্যালয়, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।
- বিষয় :
- সরস্বতী পূজা
- ধর্মীয় উৎসব
- পূজা উদযাপন
