রিজভীকে দেখতে হাসপাতালে ফখরুল
হাসপাতালে চিকিৎসাধীন রিজভী -সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০ | ১০:৪৪
নির্বাচনী প্রচারণার সময় দু’পক্ষের সংঘর্ষে আহত রুহুল কবীর রিজভীকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার রাতে ১০টার দিকে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালের নয় তলায় আহত রিজভীর সর্বশেষ চিকিৎসার খোঁজ-খবর নেন তিনি। রিজভীর সঙ্গে কথাও বলেন ফখরুল।
এই সময় মহাসচিবের সঙ্গে অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, খায়রুল কবির খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্যামা ওবায়েদ, তাবিথ আউয়াল, রফিকুল ইসলাম, অনিন্দ্র ইসলাম অমিত, আফরোজা আব্বাস, শিরিন সুলতানা, নিপুন রায় চৌধুরী, ড্যাবের সভাপতি হারুন আল রশিদ, মৎস্যজীবী দলের রফিকুল ইসলাম মাহতাব, আবদুল রহিম, জাহাঙ্গীর আলম সনি, জহিরুল ইসলাম বাশার, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় দলের এহসানুল হুদাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ইশরাক হোসেন হাসপাতালে রিজভীকে দেখতে যান। পরে উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালও তাকে দেখতে যান।
রিজভীর অভিযোগ, বৃহস্পতিবার বিকালে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের কাছে নির্বাচনী প্রচার চালানোর সময় আওয়ামী লীগ সমর্থকদের হামলায় পায়ে ও হাতে আঘাত পেয়েছেন তিনি। তার বাম হাত মচকে গেছে।
